
নিজেদের হটলাইনে রোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে মাদারীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালে ওষুধ ক্রয়, বিতরণ, সেবায় অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগে দুদক অভিযান চালায়।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের ওয়ার্ডগুলোতে চরম অব্যবস্থাপনা রয়েছে। সরকারের বরাদ্দকৃত ওষুধের তালিকা ও হাসপাতাল থেকে রোগীদের জন্য ওষুধ বিতরণের তালিকায় গরমিল, সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসক না থাকা সত্ত্বেও সেই খাতে ওষুধ ক্রয়, একই ব্যক্তিকে বারবার ওষুধ সরবরাহের ঠিকাদারি প্রদান এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রেও একই ব্যক্তিকে বারবার ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে দুদকের হটলাইন ১০৬–এ অভিযোগ জানান সাধারণ রোগীরা।
এর পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাতজন ওই হাসপাতালে অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের নথি যাচাই, তিনজন চিকিৎসকসহ, সেবাপ্রত্যাশী রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। এ সময় সরকারি ওষুধ ক্রয় ও বিতরণসহ নানা অনিয়মের কথা বলেন রোগীরা। সরকারি নথিপত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পায় দুদক।
মাদারীপুর সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। তাঁদের একজন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকা থেকে সেবা নিতে আসা রোগী মরিয়ম বেগম বলেন, রোগ ভালো করতে হলে বাইরে থেকে ওষুধ কিনে নিতে হয়। চিকিৎসক যে যে ওষুধ লেখেন, তা হাসপাতালে পাওয়া যায় না। সরকারি হাসপাতালে এমন স্বাস্থ্যসেবা লজ্জাজনক।
সদর উপজেলার চরনাচনা এলাকা থেকে হাসপাতালে আসা রোগী বাবুল আক্তার বলেন, অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। তাদের কাছে চাইলে উত্তরে একটাই সরবরাহ নাই। স্যালাইনটা পর্যন্ত বাইরে থেকে আনতে হয়।
অভিযানের বিষয়ে মাদারীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, তাদের একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, মেডিসিন স্টোর ও ওষুধ সরবরাহ কেন্দ্র, অপারেশন থিয়েটার পরিদর্শন করে। সরকারি তালিকায় নেই এমন ওষুধ দেখা যায় স্টোর রুমে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে স্টোরকিপার কোনো সদুত্তর দিতে পারেননি। হাসপাতালের ওয়ার্ডগুলোয় রয়েছে অব্যবস্থাপনা। হাসপাতালে বরাদ্দকৃত সরকারি ওষুধের তালিকা ও হাসপাতাল থেকে রোগীদের জন্য ওষুধের বিতরণের তালিকায় গরমিল দেখা যায়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে রোগীদের সঙ্গেও অসদাচারণের সত্যতা মিলেছে বলে জানান আকতারুজ্জামান। তিনি বলেন, ‘হাসপাতালের ক্রয়সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করা হচ্ছে। একই ব্যক্তিকে বারবার ওষুধ সরবরাহের ঠিকাদারি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও সত্যতা পেয়েছি আমরা। এ বিষয়ে আমাদের প্রধান কার্যালয়ে লিখিত পাঠানো হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রোগীদের এসব অভিযোগ প্রসঙ্গে মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শিহাব চৌধুরী বলেন, ‘আমাদের গণমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা আছে। এ বিষয়ে বক্তব্য দেবে সিভিল সার্জন স্যার। আমি কিছুই বলতে পারব না।’ এ বিষয়ে জানতে জেলার সিভিল সার্জন মুনীর আহমদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। দাপ্তরিক কাজে বাইরে থাকায় কার্যালয় গিয়েও সিভিল সার্জনকে পাওয়া যায়নি।