ঢাকা-নারায়ণগঞ্জ রুট

নন-এসি বাসে ভাড়া বেড়েছে ২০ টাকা, যাত্রীদের ক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাসে ভাড়া বাড়ানো হয়েছে ২০ টাকা। ভাড়া বৃদ্ধির এই হারকে অস্বাভাবিক বলছেন যাত্রীরা
ছবি: দিনার মাহমুদ

সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নন–এসি বাস ভাড়া একলাফে বাড়ানো হয়েছে ২০ টাকা। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যাত্রীদের সঙ্গে গণপরিবহনের লোকজনের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটেছে। ভাড়া বৃদ্ধির পর সব ধরনের বাসে কমেছে যাত্রীসংখ্যা। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের চাষাঢ়ায় বিভিন্ন গণপরিবহনের বাস কাউন্টারগুলোয় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া বাড়ানো হয়েছে ১৫ টাকা। বিআরটিসি বাস যাত্রীপ্রতি ভাড়া বাড়িয়েছে ১০ টাকা হারে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন–এসি উৎসব, সিটি বন্ধন, হিমাচল, মৌমিতা পরিবহন ও বিআরটিসি বাস চলাচল করে। এই রুটে একমাত্র এসি বাস শীতল ট্রান্সপোর্ট লিমিটেড। এ ছাড়া নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড়, কুষ্টিয়া, রংপুর, নীলফামারী, লালমনিরহাট রুটে দূরপাল্লার গণপরিবহন চলাচল করে।

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আবুল কালাম। তিনি বলেন, সরকার তেলের দাম বাড়িয়েছে। ভাড়া ৫-১০ টাকা বাড়তে পারে। কিন্তু একলাফে ২০ টাকা বাড়ানো, এটা যাত্রীদের প্রতি জুলুম, অত্যাচার। সাধারণ মানুষের পক্ষে অতিরিক্ত এই ভাড়া বহন করা কঠিন হয়ে পড়বে। আবুল কালামের মাসে আয় ১৫ হাজার টাকা। এ আয় দিয়ে তিনজনের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। যাতায়াত খরচ বেড়ে গেলে সংসারে আরও টান পড়বে বলে জানান তিনি।

সরকারের সমালোচনা করে অপর যাত্রী লোকমান হোসেন বলেন, দেশে কোনো সিদ্ধান্ত নিতে জনগণের মতামত লাগে না। সরকার তেলের দাম বাড়িয়েছে, এখন বাড়তি ভাড়ার বোঝা জনগণের ওপর চাপিয়ে ফায়দা নেবেন পরিবহনমালিকেরা। এতে জনগণ বাঁচল না মরল, দেখার কেউ নেই।

উৎসব পরিবহনের যাত্রী কামরুজ্জামান তুষার বলেন, বেতন না বাড়লেও গাড়িভাড়া বাড়ছে। ঢাকায় যাতায়াত করে চাকরি করে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

ভাড়া বাড়ানোর পর যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা বেড়েছে বলে জানিয়েছেন বন্ধন পরিবহনের সুপারভাইজার কবির হোসেন। তিনি বলেন, বাড়তি ভাড়া নিতে গিয়ে যাত্রীদের সঙ্গে একটু ঝামেলা হচ্ছেই।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী একমাত্র শীতাতপনিয়ন্ত্রিত পরিবহন শীতল ট্রান্সপোর্ট লিমিটেড। এটিতে আগে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো ৬৫ টাকা; এখন নেওয়া হচ্ছে ৮০ টাকা। এই পরিবহনের পরিচালক রফিকুল আমিন প্রথম আলোকে বলেন, তেলের দাম বাড়ানোর কারণে খরচ অনুযায়ী ১৫ টাকা ভাড়া বাড়িয়েছেন তাঁরা।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি বাসে ভাড়া বাড়ানো হয়েছে ২০ টাকা। ভাড়া বৃদ্ধির এই হারকে অস্বাভাবিক বলছেন যাত্রীরা

গত শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ৩৪ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

পরদিন পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বসে জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে নতুন বাসভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বাড়ানো হয়েছে ৪০ পয়সা। আর ঢাকা, চট্টগ্রামসহ মহানগরগুলোয় বাসভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারপ্রতি ৩৫ পয়সা।

নারায়ণগঞ্জ-ঢাকার দূরত্ব ২০ কিলোমিটার। জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে এই রুটে নন–এসি বাসের ভাড়া ছিল ৪৫ টাকা। নতুন ভাড়া হওয়ার কথা ৫৫ থেকে ৬০ টাকা। কিন্তু ভাড়া ২০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৫ টাকা। তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ দূরত্ব আগে ছিল ২০ কিলোমিটার। এখন সাইনবোর্ড ইউটার্ন ঘোরার কারণে তিন কিলোমিটার দূরত্ব বাড়ছে। ২৩ কিলোমিটার দূরত্বে সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা হিসেবে ভাড়া আসে ৫৫ টাকা ২ পয়সা। বাকি ১০ টাকা যাত্রাবাড়ী ফ্লাইওভারে টোল খরচ। সরকারি হিসাবে যাত্রাবাড়ী ফ্লাইওভারে যাত্রীপ্রতি টোল ৫ টাকা হলেও মূলত ১০ টাকা খবর হয় বলে দাবি কাজল মৃধার।

বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী ঢাকা–নারায়ণগঞ্জ সড়কে নন–এসি বাসভাড়া ৬০ টাকা হয় বলে জানিয়েছেন বিআরটিএ নারায়ণগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামসুল কবীর। তিনি বলেন, ‘আমরা পরিবহনমালিকদের সতর্ক করে দিয়েছি। সোমবার থেকে তাঁরা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে জেল–জরিমানা করা হবে।’

নারায়ণগঞ্জ থেকে দূরপাল্লার বাসগুলোয় দেখা গেছে যাত্রীসংকট। কুষ্টিয়া, রংপুর রুটে চলাচলকারী শ্যামলী পরিবহন। চাষাঢ়া কাউন্টারের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তেলের দাম বাড়ানোর কারণে সাতটি গাড়ির জায়গায় তাঁরা চারটি গাড়ি চালাচ্ছেন। আপাতত যাত্রীপ্রতি ভাড়া ৫০ টাকা বেশি নিচ্ছেন তাঁরা।

বাসভাড়া বাড়ানো নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, সরকার জ্বালানি তেলের দাম প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি বৃদ্ধি করেছে। এটি জনগণের প্রতি চরম অমানবিকতা। অন্যদিকে এ বৃদ্ধির ফলে সরকারের সুবিধাভোগী পরিবহন সিন্ডিকেট সরকারের নির্ধারিত বর্ধিত মূল্যও মানছে না। এ অরাজকতা মানা যায় না।