
নানা অনিয়ম ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১ সদস্যের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহারের (সোনিয়া) পদ শূন্য ঘোষণা করা হয়। এর পর থেকে বদরপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সরকারের এ সিদ্ধান্তের পক্ষে সন্তুষ্ট। তবে কারও কারও মতে, ইউপি সদস্যদের অসহযোগিতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকালে বদরপুর ইউনিয়নের অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হকতুল্লা গ্রামের গৃহবধূ মোসা. কমলা বেগম (৩০) অভিযোগ করেন, চেয়ারম্যান বেশির ভাগ সময়ই পরিষদে আসতেন না। একাধিকবার জন্মনিবন্ধনের কাজ করতে গিয়ে তিনি চেয়ারম্যানকে পরিষদে পাননি বলে দাবি করেন। আবার টাকা ছাড়াও চেয়ারম্যান কোনো কাগজে সই করতেন না।
উদয়পুর ইউপি কার্যালয়ের কাছের বাড়ি মোরশেদা বেগমের (৪০)। তিনি চেয়ারম্যানের বিষয়ে বলেন, ‘চেয়ারম্যান হইচে, জনগণের খেদমত করবেন। উনি (চেয়ারম্যান) কোনো কাজই করেন না। ঠিকমতো অফিসে আসেন না, সই দেন না।’
তবে কেউ কেউ বলছেন, ইউপি চেয়ারম্যান তানজিন নাহারকে ইউপি সদস্যরা সহযোগিতা না করে উল্টো অসহযোগিতা করেছেন। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিয়ালী গ্রামের মো. আবুল বাশার (৪৫) বলেন, দলীয়ভাবেই তানজিন নাহার সোনিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে তিনি জনপ্রতিনিধির কাজ করার মতো পরিপক্ব নন, অভিজ্ঞতা কম। কেউ চেয়ারম্যানকে ভুলও ধরিয়ে দেননি। ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। ইউপি সদস্যরা সবাই ভালো মানুষ। তাহলে তাঁরা কেন চেয়ারম্যানকে ভালো করতে পারলেন না?
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাছখালী গ্রামের নাসির কাজীর (৪০) ধারণা, ইউপি চেয়ারম্যান ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সুবিধা নিতে না পেরে ইউপি সদস্যরা নানা ধরনের অভিযোগ করছেন। ইউপি সদস্যরা কাজটি ঠিক করেননি।
চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেমায়েত মুন্সী বলেন, ‘জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স নিয়ে অনেক অনিয়ম হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তির শিকার হয়েছেন। তাঁদের কাছে আমাদের জবাব দিতে হয়েছে। আমরা জনপ্রতিনিধি, জনগণের সেবা দেব। কিন্তু চেয়ারম্যান কিছুই মানছিলেন না। তাই আমরা জনগণের স্বার্থে অভিযোগ দিয়েছি।’
তবে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা দাবি করে তানজিন নাহার বলেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে কয়েকজন ইউপি সদস্য বিরোধিতা করেছেন। কয়েকজন ইউপি সদস্য চেয়েছিলেন, তাঁদের নিয়ন্ত্রণে পরিষদের সব কাজ হবে। পরিষদে কোনোরকম অনিয়ম হতে না দেওয়ায় কয়েকজন ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদরপুর ইউপির চেয়ারম্যান তানজিন নাহার ওরফে সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউপির চেয়ারম্যান তানজিন নাহারের বিরুদ্ধে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, কর আদায়ের ৪ লাখ ৭২ হাজার ২৭০ টাকার রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে দৈনন্দিন কাজ করতে না দেওয়ার অভিযোগগুলো তদন্তে সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপির ১১ সদস্যের অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিশেষ সভা ডাকেন। সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১ জন সদস্য সম্মতি দেন, যা দুই-তৃতীয়াংশের বেশি।