তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যে সকাল সকাল ঝলমলে রোদ উঠেছে। এতে স্বস্তি ফিরেছে খেটে খাওয়া মানুষের মধ্যে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ফকিরপাড়া এলাকার একটি চা বাগানে
ছবি: প্রথম আলো

পঞ্চগড়ে টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রাতভর তীব্র শীত অনুভূত হলেও মঙ্গলবার সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত পঞ্চগড়ে টানা চার দিন মৃদু শৈত্যপ্রবাহের পর সোমবার থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ওই চার দিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। টানা কয়েক দিন দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যায়। ওই চার দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে জেঁকে বসা শীত আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয়। প্রতি রাতেই বৃষ্টির মতো ঝরে কুয়াশা।

এদিকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হলেও গতকাল সকাল ১০টার পর রোদ ওঠায় দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যায়। ওই দিন বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যার পর আবার শুরু হয় হিমেল বাতাস। মধ্যরাতে ঝরতে শুরু করা ঘন কুয়াশা থাকে সকাল পর্যন্ত। তবে আজ সকাল আটটার পরপরই দেখা মেলে সূর্যের। কুয়াশা আর বাতাসের পরিমাণ কমে ধীরে ধীরে বাড়তে থাকে রোদের তীব্রতা। এতে স্বস্তি মেলে খেটে খাওয়া মানুষের।

সকালে পঞ্চগড় সদর উপজেলার ফকিরপাড়া এলাকার একটি চা-বাগানে চা-গাছের অতিরিক্ত ডালপালা ও আগাছা ছাঁটাইয়ের কাজ করছিলেন চা-শ্রমিক আরিফ হোসেন।

শীতের প্রসঙ্গ তুলতেই আরিফ বললেন, ‘কয় দিন থেকে যে বাতাসখান ছিল ঠান্ডা খানোত কাম করাডা কঠিন হয়ে গেইছে। কিন্তু দুই দিন তকা (থেকে) রোদ উঠেছে, কাজকাম করিতে ভালোই নাগেছে। আইজকা তো (মঙ্গলবার) খুব সকালে রোদ উঠিচে, রোদখানের তাপও ভালো নাগেছে, বাতাসও নাই, আইজ কাম (কাজ) করিতে সমস্যা হয় না।’

দুপুর ১২টার দিকে জেলা শহরের ইজিবাইকের চালক আবদুর রহিম বলেন, ‘কদিন থেকে ঠান্ডায় ঠিকমতো অটো (ইজিবাইক) চালাবা পারুনি। কিন্তু আইজ (মঙ্গলবার) সকাল থেকে কুয়াশা-বাতাস কিছু নেই, রোদখান ভালোয় নাগেছে। আইজ বাজারত লোকও বেশি দেখা যাছে, ভাড়াও (যাত্রী) বেশি পাছু।’

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় দুদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই দুদিন রোদ উঠছে। গতকাল দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। এ জন্য মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আজ সকাল সকাল রোদের দেখা মিলেছে। বাতাসের পরিমাণ কমে গেছে। মেঘমুক্ত আকাশে কুয়াশাও নেই। এ জন্য ভূপৃষ্ঠে রোদের তীব্রতা ছড়াচ্ছে। শৈত্যপ্রবাহ থাকলেও শীত কিছুটা কম অনুভূত হচ্ছে।