কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রাকিবা জান্নাত ওরফে মুন্নী (১৯)। তিনি ওই এলাকার মোহাম্মদ ছাদেকের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই এলাকাটিতে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে রাকিবা জান্নাত তাঁর বসতঘরের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে রাকিবা জান্নাতের মৃত্যুর বিষয়টি পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।