উঠান বৈঠকে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও ভাঙচুর করার অভিযোগ করেন ভাঙ্গা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান।
উঠান বৈঠকে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও ভাঙচুর করার অভিযোগ করেন ভাঙ্গা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান।

ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলা, গাড়ি–মাইক ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের (সুমন) উঠান বৈঠকে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুটি গাড়ি, প্রচারকাজে ব্যবহৃত একটি মাইক ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রার্থী মোখলেছুর রহমানের দাবি, ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত–কলম প্রতীকের কাওছার ভূঁইয়ার লোকজন এই হামলা চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমার উঠান বৈঠকে অতর্কিত হামলা হয়েছে। ইয়াকুব মোল্লা ও আক্কাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ওরা আমার গাড়ি ভাঙচুর করেছে। প্রচার মাইক ভেঙেছে। আমার সামনে দুজন মুরব্বির ওপর আক্রমণ করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আটটটার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের ঘোড়া প্রতীকের উঠান বৈঠক চলছিল। বৈঠকের শেষ দিকে দোয়াত–কলম প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী কাওছার ভূঁইয়ার কর্মী–সমর্থক ইয়াকুব মিয়া, আক্কাস ও তুহিনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক অতর্কিত হামলা চালান। তাঁরা এ সময় প্রচারকাজে ব্যবহৃত মাইক, চেয়ার ও  দুটি গাড়ি ভাঙচুর করেছেন।

হামলার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম কুদরত এ খোদা ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার পরপরই মোকলেছুর রহমানের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা প্রতিবাদ জানিয়ে পুকুরিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বলেন, ‘আমাদের উঠান বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ আগেই এই হামলার ঘটনা ঘটে। ওরা আমাদের গাড়ি ভাঙচুর করেছে। অতর্কিত হামলায় সবাই দিশেহারা হয়ে ছুটোছুটি করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযোগের বিষয়ে দোয়াত–কলম প্রতীকের প্রার্থী কাওছার ভূঁইয়া বলেন, ‘এ অভিযোগ ডাহা মিথ্যা। আমরা কোনো সমর্থক ওই সময় ওই এলাকায় ছিল না। আমার কোনো মিটিংও সেখানে ছিল না। ভোটারদের বিভ্রান্ত  করার জন্য প্রতিপক্ষ আমার সমর্থকদের জড়িয়ে এ কথা বলছেন। আমি ফালতু কথা বলি না, মিথ্যাচার করি না।’

ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ বলেন, চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের উঠান বৈঠকে দোয়াত–কলম প্রতীকের প্রার্থীর সমর্থক ইয়াকুব মিয়া, আক্কাস ও তুহিনের নেতৃত্বে ৩০-৪০ জন লোক হামলা চালিয়েছেন বলে জানতে পেরেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় মোতালেব মাতুব্বর নামের এক ব্যক্তি বাদী হয়ে আজ রোববার সকালে অজ্ঞাতনামা ৫০-১০০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ইউএনও বি এম কুদরত এ খুদা বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনা যে–ই ঘটিয়ে থাকুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভাঙ্গায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু উপজেলা নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় কাজ করা হবে।