জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হোসনাবাদ এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে আটকে রানী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
নিহত রানী বেগম হোসনাবাদ গ্রামের রোকন মিয়ার স্ত্রী। মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের রানী বেগম আজ শুক্রবার সকালে নিজ ঘরে পারিবারিক কাজ করছিলেন। এ সময় ঘরে বৈদ্যুতিক মিটারের ছেঁড়া তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন রানী বেগম। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রানী বেগমকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।