অভয়নগরে ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নিলুফা ইয়াসমিন (৬০)। তিনি খুলনার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার মাসুদ রানা বলেন, আজ দুপুরে বেনাপোল থেকে বেতনা মেইল ট্রেনটি খুলনায় যাচ্ছিল। দুপুর ১২টার দিকে উপজেলার তালতলা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি নিলুফা ইয়াসমিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

নিহত নিলুফা ইয়াসমিনের ছেলে শেখ আবুল বাশার বলেন, গতকাল রোববার মা বাড়ি থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে মা ফোন করে জানান, তিনি বাড়ি আসার জন্য রওনা হয়েছেন। দুপুরে এক ব্যক্তি ফোন করে দ্রুত তালতলায় আসতে বলেন। তিনি তালতলায় এসে দেখলেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর মা মারা গেছেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির উদ্দিন বলেন, বেতনা মেইল ট্রেনের ধাক্কায় নিলুফা ইয়াসমিন মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।