সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন দেড় বছরের শিশু জায়েদকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন দেড় বছরের শিশু জায়েদকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ভালুকায় দুর্ঘটনা

স্বজনহারা শিশুটিকে দত্তক নিতে ১০টি পরিবারের আবেদন

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর স্বজনহারা শিশু জায়েদ হাসানকে দত্তক নিতে ১০টি পরিবারের আবেদন জমা পড়েছে। এর মধ্যে আটটি আবেদন বাদ দিয়ে দুটি শেষ পর্যন্ত বিবেচনার জন্য রাখা হয়েছে। ওই দুটি পরিবারের মধ্যে উপযুক্ত একটি পরিবারে ওই শিশুকে দেওয়া হবে।

আজ রোববার ময়মনসিংহ জেলা শিশুকল্যাণ বোর্ডের সভা শেষে এসব তথ্য জানানো হয়। সভায় দত্তক পাওয়া পরিবারের পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দত্তক দেওয়ার পর বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।

ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্যসচিব আ. কাইয়ুম প্রথম আলোকে, আজকালের মধ্যে দত্তক দেওয়ার কাজটি করা হবে। দেওয়ার পর গণমাধ্যমকে নিশ্চিত করা হবে। তবে পরিবারের পরিচয় প্রকাশ করা হবে না। তিনি বলেন, ১০টি আবেদন থেকে বিভিন্ন দিক যাচাই করে দুটি পরিবারকে রাখা হয়েছে। এর মধ্যে উপযুক্ত একটি পরিবারকে দত্তক দেওয়া হবে। পরিবার বাছাইয়ের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য, পেশাগত পরিচয় ও সামাজিক মর্যাদা—যাচাই করা হয়েছে।

৯ মে রাতে ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জায়েদা খাতুন (৩০)। সঙ্গে ছিল তাঁর দেড় বছরের ছেলে জায়েদ হাসান। ১০ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় জায়েদা মারা যান। তখনো জায়েদার পরিচয় পাওয়া যায়নি। মায়ের মৃত্যুর পর হাসপাতালের বিছানায় স্বজনহারা জায়েদের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১১ মে ময়মনসিংহ মেডিকেলে যান নিহত জায়েদার ভাই রবিন মিয়া। তিনি ওই দিন বোনের লাশ বুঝে পেলেও শিশুটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুরুতে রবিন শিশুটিকে লালন-পালনে সম্মতি দিলে পরে পিছিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে জেলা শিশুকল্যাণ বোর্ড শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পুলিশ সূত্র জানা গেছে, জায়েদা খাতুনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় থাকতেন। ৯ মে দিবাগত রাত তিনটার দিকে মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে হাসপাতালে ভর্তি করে পুলিশ।