
সিরাজগঞ্জ সদর উপজেলায় জমির দলিল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে হওয়া সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। আজ সোমবার দুপুরে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এই সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ ও আহত ব্যক্তির এ সংখ্যা প্রথম আলোকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান।
পুলিশ কর্মকর্তা নান্নু খান বলেন, সংঘর্ষের সময় গুলি ছোড়া মো. আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছেন তাঁরা। আরিফের কাছ থেকে একটি লাইসেন্স করা একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা রেজিস্ট্রি কার্যালয় থেকে একটি জমির দলিল উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের রুবেল মারধর করেন। এই ঘটনার জেরে আজ সকাল থেকেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেলের পক্ষ নিয়ে আরিফ হোসেন তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করেন। এতে ২২ জন গুলিবিদ্ধ হন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—বাঐতারা গ্রামের শফিকুল, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আবদুল বাসেত, মিলন, তোতা মিয়া, জাহিদ, আবদুল ওহাব, নাইস, আবদুল বারেক, শাহীন, ওমর, শফিকুল, হজরত ও সেলিম। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।