২১ ঘণ্টা পরও মেঘনায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি, পাড়ে অপেক্ষায় স্বজনেরা

মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের স্কুলছাত্র সুস্মিত সাহাকে উদ্ধারের চেষ্টা ডুবুরিদের। আজ শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রের পাশে
ছবি: প্রথম আলো।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহার (১৬) সন্ধান মেলেনি। স্থানীয় নৌ পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও আজ শুক্রবার বেলা ১টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেননি।

ওই শিক্ষার্থীর সন্ধানে তার স্বজনেরা মেঘনাপাড়ে অপেক্ষার প্রহর গুনছেন। তাঁদের মধ্যে চলছে আর্তনাদ, উদ্বেগ ও উৎকণ্ঠা।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে বনভোজনে আসে নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই পর্যটনকেন্দ্র এলাকার পাশে মেঘনায় সাঁতার কাটতে নেমে দুই শিক্ষার্থী ডুবে যায়। এর মধ্যে শাহরিয়ার ইসতিহাক ওরফে শামস (১৬) নামের এক শিক্ষার্থীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তাঁরা নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

সুস্মিত সাহার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রূপায়ণ টাউন এলাকায়। তার বাবার নাম সুধাংশু সাহা। এক ভাই ও এক বোনের মধ্যে সুস্মিত বড়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল বালা প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটায় মেঘনায় নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ফাঁড়ির পুলিশের একাধিক সদস্য, স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মী ও ডুবুরিরা সুস্মিত সাহার খোঁজে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল রাত ৯টা পর্যন্ত একটানা ওই অভিযান চলে। সাময়িক বন্ধ থাকার পর আজ শুক্রবার ভোর ৫টা থেকে আবার ওই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনো তা চলমান। আজ দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ওই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে তাঁরা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন। উদ্ধার অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে, তা বলতে পারছেন না।

আজ শুক্রবার সকালে মোহনপুর পর্যটনকেন্দ্রের পাশে মেঘনার তীরে দেখা যায়, সেখানে সুস্মিত সাহার পরিবার ও স্বজনদের ভিড়। সবার চোখেমুখে উৎকণ্ঠার ছাপ। কেউ কেউ হাউমাউ করে কাঁদছেন। কেউ কেউ নীরবে কেঁদে রুমালে অশ্রু মুছছেন। শোক, দুঃখ ও কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। সুস্মিত সাহার মা সুদিপ্তা সাহা বলেন, ‘আমার একটা ছেলে একটা মেয়ে। এই ছেলাটা (সুস্মিত) বড়। আমার কাছে খেলার কথা বলে মেঘনার তীরে গিয়েছিল। সে সাঁতার জানত না। নদীতে সাঁতার কাটতে নামবে, সেটা জানতাম না। কী জন্য, কেন সে সেখানে গেল, বুঝতে পারছি না।’

আহাজারি করতে করতে সুদিপ্তা সাহা আরও বলেন, ‘ছেলেকে হারিয়ে আমার সব শেষ। সব আশা ও স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব। জীবিত বা মৃত, যেভাবেই হোক আমার বুকের ধনটাকে একবার দেখতে চাই।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং কয়েক শ শিক্ষার্থী বনভোজনের জন্য ওই পর্যটনকেন্দ্রে আসে। বেলা সাড়ে তিনটায় তাদের কয়েকজন মেঘনা নদীতে সাঁতার কাটতে নামে। সাঁতার শেষে সবাই তীরে উঠলেও শাহরিয়ার ও সুস্মিত পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর শাহরিয়ারের নিস্তেজ দেহ ঘটনাস্থলে ভেসে ওঠে। সেখান থেকে সহপাঠী ও শিক্ষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বাবুল বালা বলেন, এ ঘটনায় ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল উদ্ধার হওয়া শিক্ষার্থী শাহরিয়ারের লাশ রাতে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত অনুরোধে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়নি। এ ব্যাপারে থানায় মামলাও করেননি কেউ।