রাউজান উপজেলার মানচিত্র
রাউজান উপজেলার মানচিত্র

রাউজানে এক পক্ষের বিরোধিতায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত

চট্টগ্রামের রাউজানে আজ শনিবার বিকেলে ডাকা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হচ্ছে না। সম্মেলনের এক দিন আগে তা স্থগিত করা হয়। এর আগে বিএনপির এই দুটি সাংগঠনিক শাখার সম্মেলন স্থগিত করার দাবিতে মিছিল-সমাবেশ করে দলের একটি পক্ষ। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সম্মেলন স্থগিত করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলন আয়োজন করতে জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তে উপকমিটিও গঠন করা হয়। সম্মেলনে দুটি সাংগঠনিক শাখার নতুন কমিটি গঠিত হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে বিভিন্ন পদের বিতরণে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয় উপকমিটি।

তবে দলের কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা সম্মেলন স্থগিতের দাবি জানান। এই দাবিতে তাঁরা গত মঙ্গলবার উপজেলা সদরের মুন্সিরঘাটায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

গিয়াস উদ্দিন কাদেরের অনুসারী ও রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ প্রথম আলোকে বলেন, দলের ৯০ শতাংশ নেতা-কর্মী তাঁদের সঙ্গে। এরপরও তাঁদের পক্ষের নেতাদের বাদ দিয়ে গোলাম আকবর খন্দকারের অনুসারীদের দিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তাই তাঁরা সম্মেলন স্থগিত হোক, সেটি চেয়েছিলেন।

জেলা বিএনপি ও সম্মেলন উপকমিটি সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সভাপতি পদে মুহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন এবং পৌর বিএনপির সভাপতি পদে আবু মোহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে ইফতেখার খান মনোনয়ন ফরম জমা দেন। চারজনই গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত। প্রতিটি পদে একটি করে মনোনয়ন ফরম জমা হওয়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দেওয়া আনোয়ার হোসেন বলেন, ‘সাংগঠনিক নিয়মে ফরম জমা দিয়েছি। আর কেউ এই পদে ফরম জমা দেননি। সুতরাং আমিই নির্বাচিত হওয়ার কথা। কেউ যদি ষড়যন্ত্র করে এখন আমাকে বঞ্চিত করে, সেটি খুবই অন্যায় হবে।’

জানতে চাইলে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, কেন্দ্র ও জেলার সমন্বয়ে সম্মেলন উপকমিটি করা হয়। এখন কেউ যদি নতুন করে সম্মেলনের তারিখ দাবি করে, সে বিষয়ে উপকমিটি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারে।

দলের সম্মেলন নিয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘নিয়ম মেনে প্রস্তুতি না নেওয়ায় আমরা সম্মেলন স্থগিতের আবেদন করেছিলাম। পরে সম্মেলন স্থগিত করা হয়। বিএনপির রাজনীতির মূল নেতা-কর্মীদের বাইরে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লালনকারীদের দিয়ে সম্মেলন বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল। ত্যাগীদের বাদ দিয়ে একটি পাতানো কমিটি ঘোষণা করার চেষ্টা করা হয়েছে। আমরা সেটি হতে দেব না।’