ময়মনসিংহ শহরে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

ময়মনসিংহ শহরের টাউন হল মোড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবিটি আজ সন্ধ্যায় তোলা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদ পাওয়া ও পদবঞ্চিতরা আজ দুপুরে কলেজের একই স্থানে কর্মসূচি পালন করতে চাইলে কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে। এরপর সন্ধ্যায় শহরের টাউন হল মোড়ে ওই দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের পক্ষে স্লোগান দিচ্ছিল। অন্যটি তাঁর বিপক্ষে স্লোগান দেয়। এ নিয়ে উত্তেজনা থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কথা বলতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।