সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের সকাল ১০টার দিকে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক ও একজন যাত্রীসহ দুজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং মাইক্রোবাসচালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মো. রিপন মাঝি (৪৫)। এ ছাড়া মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে গুরুতর আহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার মো. মনিরুজ্জামান মনি (৩৮), ঢাকার মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪৬), বাগেরহাটের মোংলা এলাকার আবদুল ওয়েজ (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. শফিউল বাশার (৪০)। গুরুতর আহত ব্যক্তিরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।