ফেনীতে পৌর বিএনপির আহ্বায়কসহ আটজন গ্রেপ্তার

শহরের ট্রাংক রোডের দাউদপুর সেতু এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল। আজ সকালে
সংগৃহীত

ফেনীতে আজ রোববার সকালে অবরোধের সমর্থনে শহরে মিছিলের সময় পুলিশ পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এর আগে গতকাল শনিবার রাতে র‍্যাব অভিযান চালিয়ে যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, আজ সকাল পৌনে সাতটার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর সেতু এলাকায় একটি মিছিল বের করেন। মিছিল শুরুর কিছুক্ষণ পরেই পুলিশ অতর্কিতে হামলা চালায়। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপির নেতা মহি উদ্দিন ও ছাত্রদল নেতা মো. আরমান হোসেন।

এ সময় হামলায় আহত হন ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ কয়েকজন নেতা-কর্মী। পুলিশের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ছাড়া গতকাল রাতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকার, যুবদলের স্থানীয় নেতা মো. ইসমাইল ও মো. মুন্নাকে গ্রেপ্তার করে। রাতেই তাঁদের চারজনকে ফেনী সদর মডেল থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী আজ সকালে পুলিশের হাতে চারজন ও রাতে র‍্যাবের অভিযানে চারজনসহ মোট আটজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।