মাইকে বারবার ‘ডাকাত ঢুকেছে’ ঘোষণা, মাদারীপুরে ভয়-আতঙ্কের ৫ ঘণ্টা

মাদারীপুর জেলার মানচিত্র
মাদারীপুর জেলার মানচিত্র

‘এলাকায় ডাকাত ঢুকেছে, আপনারা সবাই সাবধানে থাকুন’—গতকাল রোববার রাতে পুরো মাদারীপুরে মাইকে ভেসে এসেছে এমন ঘোষণা। রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত পাঁচ ঘণ্টা জেলার পাঁচটি উপজেলার হাজারো মানুষ এমন ঘোষণায় ভয়–আতঙ্কে সময় কাটিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একের পর এক লিখেছেন। শেষ পর্যন্ত পুলিশ ও জনপ্রতিনিধিরা ফেসবুকেই মানুষকে আশ্বস্ত করেছেন, ‘ভয়ের কিছু নেই। কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। এগুলো গুজব।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, ‘জেলায় একদল ডাকাত প্রবেশ করেছে, এমন খবর পুরোটাই গুজব। মসজিদগুলোয় মাইকিং কেন হচ্ছে বা কারা করাচ্ছে, বিষয়টা আমাদের জানা নেই। তবে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় রাতে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু কখনোই ডাকাত প্রবেশ করেছে, এমন প্রচারণা করতে বলা হয়নি। বিষয়টি পুরোটাই গুজব।’

এমন পরিস্থিতিতে পুলিশ সারা রাত সতর্ক অবস্থায় ছিল জানিয়ে চাইলাউ মারমা বলেন, এ ধরনের গুজব কে বা কারা ছড়িয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকার কয়েকটি মসজিদ থেকে ‘এলাকায় ডাকাত দল ঢুকেছে, সবাই সাবধান’ এ ধরনের মাইকিং শোনা যায়। পরবর্তীতে এ ধরনের প্রচারণা আশপাশের এলাকাগুলোয়ও ছড়িয়ে পড়ে। পুরো জেলার পাড়ামহল্লার মসজিদগুলোতে বাসিন্দাদের সতর্ক থাকতে মাইকিং শুরু হয়।

ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া বাইতুল নুর জামে মসজিদের ইমাম মাহফুজুর রহমান বলেন, ‘মসজিদের সভাপতি ও এলাকার লোকজন ফোন করে আমাকে মাইকে প্রচার করতে বলেন। তাই আমি মাইকে বলি, “এলাকায় ডাকাত ঢুকেছে, সবাই সাবধানে থাকুন।” এই বার্তা দিয়েছি। তবে এর সত্যতা আমি জানি না। গুজব কি না, তা–ও বলতে পারব না। আমার মসজিদে একা না, আশপাশের সব মসজিদে এ ঘটনায় মাইকিং হয়েছে।’

ডাকাতি হতে পারে, এমন সর্তকতামূলক প্রচারণা ফেসবুকেও সারা রাত চলতে থাকে। তবে পুলিশ, জনপ্রতিনিধিরা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে গুজব বলে সবাইকে আতঙ্কিত না হতে পরামর্শ দেন।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন রাত পৌনে একটার দিকে তাঁর ফেসবুকে লেখেন, ‘এলাকায় ডাকাতি হবে, এইভাবে গুজব ছড়িয়ে যাঁরা আতঙ্ক সৃষ্টি করছেন, তা অপরাধ। আমি পুলিশ বিভাগের সঙ্গে কথা বলেছি। এটি সম্পূর্ণ একটি গুজব। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এ ধরনের গুজবে বিভ্রান্ত হবেন না।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ডাকাতির ঘটনাটি গুজব। কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। পুলিশের একাধিক দল সারা রাত টহলে ছিল।