কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিনজন যাত্রী। হতাহত যাত্রীরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে পুলিশ জানায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কের শাহপুরী হাইওয়ের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত যুবক ও আহত ব্যক্তিরা রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
সাইফুল ইসলাম আরও বলেন, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস এবং বালুখালী বাজার থেকে উখিয়াগামী ইজিবাইক বালুখালী ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। আহত তিন যাত্রীকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মিনিবাস ও ইজিবাইক দুটি জব্দ করা হয়েছে।