রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় সিলেটের ১৬ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

আকবরশাহ থানার লেকসিটি এলাকায় কাটা পাহাড় ও ভরাট পাহাড় পরিদর্শনে যান বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পরিদর্শন টিমের আশপাশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন অবস্থান নেন। গত বৃহস্পতিবার বেলা একটায় চট্টগ্রাম নগরে
ফাইল ছবি

চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেটের ১৬ জন বিশিষ্ট নাগরিক। আজ রোববার বিকেল পাঁচটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতি দেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ব্লাস্ট সিলেটের সমন্বয়ক মো. ইরফানুজ্জামান চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক উল্লেখযোগ্য।

এ ছাড়া বিবৃতিতে স্বাক্ষর করেন কবি এ কে শেরাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সমিক শহিদ জাহান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার, বেসরকারি সংস্থা এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, সুজন সিলেটের কোষাধ্যক্ষ আব্দুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার।

গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও পাহাড়ি ছড়া ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান। এ সময় কয়েক ব্যক্তি তাঁকে বাধা দেন। একপর্যায়ে তিনি ওই এলাকায় কেন গেছেন, সেই প্রশ্ন করা হয় এবং তাঁদের গাড়ি আটকে রাখা হয়। এরপর ফিরে আসার সময় রিজওয়ানা হাসানকে বহনকারী গাড়িতে ঢিল ছোড়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আকবর শাহ এলাকায় পাহাড় পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম ও তাঁর অনুসারীরা হামলা ও আক্রমণাত্মক আচরণ করেছেন। ধারালো অস্ত্রের মুখে পরিদর্শনকারীদের ভাড়া করা গাড়ি আটকে রাখেন। পরে পুলিশের সহায়তায় চালকসহ গাড়ি উদ্ধার করা হলেও কাউন্সিলরের লোকজন হামলা চালান। এমন ঔদ্ধত্যপূর্ণ ও সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই আমরা। পরিবেশবাদীদের ওপর এমন আক্রমণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এসব অবিলম্বে প্রতিহত করতে হবে।’