হাজং সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার সন্ধ্যার দিকে
হাজং সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার সন্ধ্যার দিকে

সংখ্যালঘু বা গুরু—এসব শব্দ আমার নির্বাচনী এলাকায় আর চলবে না: কায়সার কামাল

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গারো, হাজং, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কোনো ভেদাভেদ করা হবে না। সবার আগে মানুষ—এই পরিচয়েই আমরা কাজ করছি। আপনারা মানুষ হিসেবে আমাকে ভোট দিয়েছেন, আমিও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং সংখ্যালঘু বা গুরু—এসব শব্দ অন্তত আমার নির্বাচনী এলাকায় আর চলবে না।’

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুরা বেলতলি হাজংপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে সম্প্রদায়টির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন এই সংসদ সদস্য।

দল-মত–জাতি-ধর্ম-বর্ণ কোনো বিষয় নয় জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, সমাজ, এলাকা ও দেশ নিয়ে যিনি ইতিবাচক চিন্তা করেন, তাঁদের নিয়েই একসঙ্গে কাজ করা হবে। কারণ, এই দেশ সবার। মুক্তিযুদ্ধে সবার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।

নিজের নির্বাচনী এলাকায় হাজং সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের বসবাস আছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, তাদের ভাষায় নিজস্ব কোনো বর্ণমালা নেই। সম্প্রদায়টির মানুষেরা নিজের ভাষায় কথা কম বলায় আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। সুতরাং ভাষাটি কীভাবে টিকিয়ে রাখা যায়, এ জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কলমাকান্দার রংছাতি, লেংগুরা ও খারনৈ ইউনিয়নের হাজং–অধ্যুষিত এলাকার তিনটি বড় মন্দিরে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যাতে শিশুদের হাজং ভাষা শেখানো যায়।

ডেপুটি স্পিকার বলেন, ‘আমি চাই না, এই ভাষা হারিয়ে যাক। তাই নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা ছড়িয়ে দিতে আমরা কাজ শুরু করছি। কারণ, ভাষা হচ্ছে সংস্কৃতির প্রাণ, সেটি হারিয়ে গেলে একটি জাতিসত্তার প্রাণভোমরা হারিয়ে যায়।’

গণেশ্বরী নদীর বেলতলি কালীমন্দির থেকে লেংগুরা বাজার পর্যন্ত নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করা হয়েছে জানিয়ে এই সংসদ সদস্য জানান, নদীভাঙন রোধে পুরো এলাকায় সিসি ব্লক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজও শুরু করা হবে। এই কাজ প্রকৌশলীদের তত্ত্বাবধানে হাজং সম্প্রদায়ের মানুষদের দিয়েই করানো হবে।

ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হাজং সম্প্রদায়ের সদস্যরা।