হাসপাতালে গতকাল ৫৭৩ জন রোগী ভর্তি ছিলেন। বহির্বিভাগে ১ হাজার ২০০ জন রোগী সেবা নিয়েছেন।

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মেঝে-বারান্দায় চাদর ও পাটি বিছিয়ে বসে ও শুয়ে আছেন অর্ধশতাধিক রোগী। গাদাগাদি করে রোগী ও স্বজনেরা বসে আছেন। প্রচণ্ড গরমে রোগী ও স্বজনদের হাঁসফাঁস অবস্থা। তাঁদের বিছানার পাশ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছেন। পায়ের ধুলাবালু উড়ে বিছানায় ও নাকেমুখে যাচ্ছে। এ অবস্থায় রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
এটা গতকাল শনিবার বেলা ১১টার চিত্র। গতকাল ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। অথচ পুরো হাসপাতালে ২৫০টি শয্যা রয়েছে। বাকি ৩২৩ রোগী ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা করে সেবা নিচ্ছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিলেন মেডিসিন ওয়ার্ডে, ১৭৪ জন। আর শিশু ওয়ার্ডে ১১৭ ও গাইনি ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি ছিলেন। এদিন বহির্বিভাগে ১ হাজার ২০০ জন রোগী সেবা নিয়েছেন। বিভিন্ন পালায় ৫২ জন চিকিৎসক ও ১৬০ জন নার্স রোগীদের সেবা দেন।
আনোয়ারা বেগম নামের এক মধ্যবয়সী নারী তাঁর স্বামীকে নিয়ে গত শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন। কোথাও জায়গা পাননি। তিনি সিঁড়ির কাছের একটি ছোট্ট স্থানে পাটি বিছিয়ে স্বামীকে নিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘রোগীকে ডাক্তার দেখাতে এসে আমি নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছি। হাইরে গরম, ওপরে ফ্যান নাই, পচা দুর্গন্ধ আর মশার কামড়ে অবস্থা খারাপ। কোথাও সিট (শয্যা) খালি নাই।’
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেখা যায়, প্রচণ্ড গরমের কারণে জরুরি বিভাগের পাশে একটি ছোট্ট গাছের নিচে রোগীর স্বজনেরা বসে আছেন। মূল হাসপাতালের ভবনটি পাঁচতলা। প্রথমতলায় মেডিসিন ওয়ার্ড। এ ওয়ার্ডের গেটে থেকেই মানুষের ভিড়। চলাচলের রাস্তার দুই পাশে রোগীরা বিছানা বিছিয়ে শুয়ে ও বসে আছেন। পা ফেলার জায়গা নেই। ওয়ার্ডের ভেতরটা নোংরা। শৌচাগার থেকে দুর্গন্ধ আসছে।
মেডিসিন ওয়ার্ডের বারান্দার পশ্চিম পাশের সিঁড়ির কাছে বিছানা করে রয়েছেন সদর উপজেলার নান্দিনা এলাকার নূরজাহান (৪০)। তাঁর মা আমেনা বেগম হাতপাখা দিয়ে বাতাস করছেন। আমেনা বেগম বলেন, ‘কোঠাও সিট নাই। মাইয়্যারে রাখার জায়গাও ছিল না। পরে এইহানে পাটি বিছায়ে আছি। গরমে জীবন শ্যাষ।’
সরিষাবাড়ী উপজেলার চর শিশুয়া এলাকা থেকে শেফালি বেগম তাঁর শ্বশুরকে নিয়ে এসেছেন। তিনিও বারান্দায় বিছানা করে শ্বশুরকে রেখেছেন। তিনি বলেন, সব সময় মানুষের ভিড়। বিছানা ঘেঁষে মানুষজন চলাফেরা করছেন। হাঁটার সময় চাদরের ওপর জুতা পরে উঠে যাচ্ছেন কেউ কেউ।
হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শামসুন্নাহার মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, এই হাসপাতালে রোগীর সংখ্যা সব সময় বেশি। মাত্র ২৪ শয্যার বিপরীতে রোগী আছেন ৯০ জন। পা ফেলার জায়গা পর্যন্ত নেই। এত রোগীকে তাঁরা মাত্র চারজন নার্স দিয়ে সেবা দিচ্ছেন। তারপরও তাঁরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
আরেক জ্যেষ্ঠ নার্স হাফিজা খাতুন বলেন, ‘শয্যা নিয়ে তো এখানে একরকম যুদ্ধ চলে রোগীদের মধ্যে। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী হওয়ার কারণে ভেতরে প্রচণ্ড গরম থাকে। আরও যদি কক্ষ বা বড় জায়গা থাকত, তাহলে আরও ভালো সেবা দেওয়া যেত।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মো. মাহফুজুর রহমান বলেন, শয্যার তুলনায় এই হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। পাশের জেলা শেরপুর, কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী এলাকার রোগীও এখানে আসেন। অবকাঠামো উন্নয়ন করা হলে চিকিৎসাসেবার মান আরও ভালো হতো।