লাশ
লাশ

দিনাজপুরে ফিলিং স্টেশনে অসুস্থ হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাঁতোর ইউনিয়নের সাঁতোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতুল বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বীরগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলে জ্বালানি কম থাকায় উপজেলা শহরের আছমা লতিফা ফিলিং স্টেশনে থামেন। সেখানে অনেকের মতো তিনিও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ৪৫ মিনিটের বেশি সময় সেখানে অপেক্ষা করেন তিনি। এ সময় রৌদ্রের তাপও বাড়ছিল। একপর্যায়ে মোটরসাইকেলসহ তিনি মাটিতে পড়ে যান। আশপাশের কয়েকজন তাঁকে নিয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি; হাসপাতালে পৌঁছার আগেই তিনি মৃত্যুবরণ করেন।’

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বর্মন বলেন, তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এনায়েতুল অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।