নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে গণিত উৎসবের উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। নারায়ণগঞ্জে সকাল থেকে দুপুর পর্যন্ত এই আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশন করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে গণিত উৎসবে অংশ নিতে তীব্র শীত উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয় তিন শতাধিক পরীক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে আসেন তাদের অনেকের অভিভাবক। উৎসবে কিশোর আলো, গণিত অলিম্পিয়াড বইয়ের স্টলও বসেছে। সেখানে শিক্ষার্থী ও অভিভাবকেরা বই দেখেন।
জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার সাহা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের আইডিয়াল স্কুলের জন্য এটি আনন্দের দিন। স্কুলটি আঞ্চলিক পর্যায়ের গণিত অলিম্পিয়াডের জন্য বেছে নেওয়ায় আমি আনন্দিত ও গণিত অলিম্পিয়াডের কাছে কৃতজ্ঞ।’ তিনি বলেন, গণিত এমন একটি বিষয়, এটিকে মাদার অব সায়েন্স বলা হয়। বিজ্ঞানের যা কিছু বোঝার ও প্রকাশের ব্যাপার, তা গণিতের মাধ্যমেই ঘটে। বিজ্ঞান এক অর্থে অসার হয়ে যাবে, যদি গণিত না থাকে। গণিত এমন একটি বিষয়, যা অধ্যয়ন করলে মানুষের মস্তিষ্কের যে বিকাশ, তা চূড়ান্ত রূপ নেয়।
নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি মণিকা আক্তারের সঞ্চালনায় শ্যামল কুমার সাহা বলেন, ‘গণিত হচ্ছে এমন একটি বিষয়, এটি বুদ্ধিচর্চা ও বুদ্ধি বিকাশের মাধ্যম। গণিতের মাধ্যমে আমরা বুদ্ধির বিকাশ ঘটাতে পারি। আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত গণিতের চর্চা হয়ে থাকে। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড শুরু হওয়ার পর থেকে ডাচ্–বাংলা ব্যাংক ও প্রথম আলো একসঙ্গে কাজ করছে। আন্তর্জাতিকভাবে খুদে শিক্ষার্থীরা পরিচিতি লাভ করেছে, আমরা স্বর্ণ ও রৌপ্য পেয়েছি। এই শিক্ষার্থীরা আগামীতে আন্তর্জাতিকভাবে স্বর্ণ পদক পাবে, সেই প্রত্যাশা রাখছি।’
আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথম আলো ডাচ্–বাংলা ব্যাংক অনেক দিন ধরে বাংলাদেশে গণিত উৎসব করছে। গণিত উৎসবে ডাচ্–বাংলা ব্যাংক আমাদের প্রধান পৃষ্ঠপোষক। এটি আসলে ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার ও কায়কোবাদ স্যারের আইডিয়া ছিল। তাঁরা একদিন প্রথম আলোতে এসে বললেন, আমাদের গণিতের উৎসব করতে হবে। পৃথিবীব্যাপী অলিম্পিয়াড হয় গণিতের। ওনারা সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু করলেন, তারপর আমরা ডাচ্–বাংলা ব্যাংককে সঙ্গে নিয়ে সারা দেশে এটি করতে থাকলাম।’ তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এ পর্যন্ত গণিত অলিম্পিয়াডে ৬৮টি পদক পেয়েছি। এর মধ্যে একটি স্বর্ণ পদক, কয়েকটি রৌপ্য পদক, ব্রোঞ্জ পদকসহ ৩৮টি সম্মাননা পদক রয়েছে। আমাদের ছেলে–মেয়েরা সব সময় ভালো করে। আমরা বাঙালিরা বুদ্ধির দিক থেকে সেরা।’
উদ্বোধনের পর আজ সোমবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের ১২টি কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হয়। পরীক্ষার পর থাকবে প্রশ্ন-উত্তর পর্ব। পাশাপাশি চলবে খাতা মূল্যায়নের কাজ। খাতা মূল্যায়ন শেষে পুরস্কার বিতরণ করা হবে। লিখিত পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের ঢাকায় জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে।