দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও নছিমন। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার গন্ডগোহালী মহল্লার নিমতলায়
দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও নছিমন। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার গন্ডগোহালী মহল্লার নিমতলায়

রাজশাহী, পাবনা ও রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রাজশাহী, পাবনা ও রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনায় রাজশাহীর পুঠিয়ায় দুজন ও পাবনার সাঁথিয়ায় তিনজন মারা গেছেন। এ ছাড়া গতকাল সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রাণ হারিয়েছেন।

আজ সকালে পুঠিয়ায় ডাম্প ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী মহল্লার নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নছিমনে থাকা শ্রমিক নাইম (২০) ও হামিম (২৫)। তাঁরা রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়ার নিমতলা বাজার এলাকায় পুঠিয়াগামী একটি মুরগিবোঝাই নছিমনের সঙ্গে তাহেরপুরগামী বালুবোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনের ওপর থাকা শ্রমিক নাইম (২০), হামিম (২৫) এবং চালক মো. সোহেল (৩৮) ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাইম ও হামিমকে মৃত ঘোষণা করেন। আহত নছিমনচালক মো. সোহেল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক মো. মিন্টু (৪০) ও তাঁর সহকারী স্বাধীন আলী (২২) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁদের আটক করে মারধর করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ট্রাকচালকের সহকারী স্বাধীন আলীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকচালক মো. মিন্টুকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, ‘আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।

দুর্ঘটনাকবলিত দুটি বাসের অংশ। আজ মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া এলাকায়

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের বাসচালক কামাল হোসেন (৪২)। তিনি পাবনা সদর উপজেলার দীপচর গ্রামের বাসিন্দা। নিহত অপর দুজনের মধ্যে একজন মাছরাঙা পরিবহনের বাসচালকের সহকারী (নাম জানা যায়নি) ও অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে ঢাকার উদ্দেশে শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। শোলাবাড়িয়া সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন মারা যান। আহত অবস্থায় অপর দুজনকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় গতকাল সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আজ মঙ্গলবার ভোরে তাঁর লাশ গোয়ালন্দে এসে পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

নিহত ব্যবসায়ী শিথিল বিশ্বাসের লাশ ঘিরে স্বজনদের আহাজারি। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিজয় বাবুর পাড়ায়

নিহত ব্যবসায়ীর নাম শিথিল বিশ্বাস (২৫)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিজয় বাবুর পাড়ার বাসিন্দা ও গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে।

শিথিলের বন্ধু সজীব শাহরিয়ারসহ কয়েকজন জানান, সোমবার বেলা দেড়টার দিকে শিথিল বিশ্বাস সেতু বাজারে তাঁদের স্বর্ণের দোকানে যাওয়ার জন্য দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম বলেন, শিথিল বিশ্বাসের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সমাহিত করার অনুমতি দেওয়া হয়েছে।