
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড়। এ মোড় থেকে তিনটি সড়ক চলে গেছে শহরের তিন জায়গায়। পূর্ব দিকের সড়কটি গেছে টেপাখোলা। শরীয়তুল্লাহ কাঁচাবাজারে গেছে পশ্চিম দিকের সড়কটি। আরেকটি সড়ক চলে গেছে শহরের চকবাজার এলাকায়।
জনতা ব্যাংকের মোড়ের দক্ষিণে বাটা বাজারে ও সিটি ব্যাংকের সামনে ফুটপাতে জামা, প্যান্ট, গেঞ্জি, মোজা, টুথব্রাশসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিক্রি করেন অন্তত ৩০ জন বিক্রেতা। তুলনামূলক কম দাম হওয়ায় এখানে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজনের ভিড় থাকে।
এখানকার বিক্রেতাদের একজন মো. নূর ইসলাম (৫৮)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিক্রির ফাঁকে ফাঁকে কথা হয় নূর ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অভাবের কারণে কোনো সম্পত্তি ধইরা রাখতে পারি নাই, করতে পারি নাই নতুন কোনো সম্পত্তি। মায়ের বাড়ি ছিল শরীয়তপুরে। মামাদের চক্রান্তে সেই সম্পত্তি থেকে মায়ের ভাগটা পর্যন্ত পাই নাই।’
নূর ইসলামের জন্ম ফরিদপুরে। তাঁর বাবা মৃত রুস্তম খান। তাঁদের আদিনিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালিগাঁও গ্রামে। বহু আগে রুস্তম খান ফরিদপুরের রথখোলা এলাকায় এসে বসতি গড়েছেন। বাবার মৃত্যুর পর নূর ইসলামের ভাইয়েরা আলাদা হয়ে যান। নূর ইসলাম অভাবের কারণে তাঁর অংশ বিক্রি করে দিয়ে এখন রঘুনন্দপুর মুসলিম মিশনের পাশে একটি টিনের ঘরে ভাড়া থাকেন।
তিন মেয়ে ও এক ছেলের বাবা নূর ইসলাম। ছেলে মো. সাইফুল ইসলাম (২৯) সবার ছোট। তিনি বাবার সঙ্গে ফুটপাতে দোকান সামলান। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজ মেয়ের একটি সন্তান হওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে তাঁদের সংসার ভেঙে যায়। তিনি বাবার সংসারে থাকেন ছেলেকে নিয়ে। সব মিলিয়ে নূর ইসলামের স্ত্রী, ছেলেমেয়ে, নাতিসহ পরিবারের সদস্য সংখ্যা আটজন। ফুটপাতে দোকান করে এত মানুষের ভরণপোষণ করতে হাঁপিয়ে উঠেছেন নূর ইসলাম। তিনি বলেন, ‘নিজের কষ্টের কথা, অভাবের কথা কি মানুষকে কওয়া যায়।’
নিজের কোনো পুঁজি নেই। অন্যের কিনে আনা পোশাক নূর ইসলাম বিক্রি করে টাকা পরিশোধ করে যা বাড়তি থাকে, সেটাই তাঁর আয়। তা দিয়ে চালাতে হয় সংসার। নূর ইসলাম বলেন, কোনো দিন ৩০০ টাকা আয় হয়, আবার কোনো দিন ৫০০ টাকা। এ টাকা দিয়ে দিন চলে না। চালের কেজি ৬৫ টাকা, আটা ৬০ টাকার কমে কেনা যায় না। তেল, চিনি যা কিনতে চান, তাতেই যেন আগুন লাগছে। ধারদেনা করতে হয়। আবার বিক্রি ভালো হলে সেই ধার শোধ করে দেন।
২০ বছর ধরে ফুটপাতে ব্যবসা করছেন নূর ইসলাম। মাঝেমধ্যে পুলিশ উঠিয়ে দেয়, উঠিয়ে দেন পৌরসভার লোকজনও। তখন মালপত্র নিয়ে দ্রুত সরতে সমস্যায় পড়তে হয়। অনেক মাল নষ্ট হয়ে যায়। তবে একবার উঠিয়ে দিলে পরের দিন আবার এসে বসেন। এভাবে চলছে জীবন–জীবিকা।
নূর ইসলাম বলেন, ‘তিনবেলা ঠিকমতো খাবার জোটে না। মাছ খাওয়া প্রায় বন্ধ হইয়া গেছে। ব্রয়লার মুরগি আগে অন্তত মাসে এক দিন খাইতাম। এখন যেভাবে দাম বাড়ছে সেটা খাওয়াও বন্ধ হয়ে যাবে। ছয় মাস আগে ব্রয়লার মুরগি কিনতাম ১২০টা কেজি। এখন দাম বেড়ে হইছে ২৪০ টাকা। ৩০টা ডিম কিনতাম ১৬০ থেকে ১৮০ টাকা দিয়া। এখন কিনতে হয় ৩৬০ থেকে ৩৮০ টাকা দিয়া।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে পেরে উঠছেন না বলে জানান নূর ইসলাম। তিনি বলেন, ‘কোথায় নাকি যুদ্ধ (ইউক্রেন-রাশিয়া) হইতাছে, আর আমরা না খাইয়া মরছি। মানষে কেন যুদ্ধ করে। এ যুদ্ধ, হিংসা কী দেয়?’ তিনি আরও বলেন, ‘যারা যুদ্ধ করে, তারা কী লাভ পায় জানি না, তয় আমাদের মতো গরিবদের প্যাটে যে লাথি মারে, সেইডা বেশ বুঝতে পারি। সামনের দিনগুলা ক্যামনে কাটব ভাইবা রাইতে দুই চোখ এক করতে পারি না।’