
ছেলে অসুস্থ হওয়ার পর পরীক্ষায় ধরা পড়ে তাঁর দুটি কিডনি বিকল হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। সাতপাঁচ না ভেবে ছেলেকে নিজের একটি কিডনি দিয়ে দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক মা।
তবে আট মাস সুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার রাতে ওই ছেলের মৃত্যু হয়েছে। কিডনি দিয়েও ছেলেকে বাঁচাতে না পেরে এখন ওই মায়ের কান্না যেন থামছেই না।
সন্তানের প্রতি স্বার্থহীন ভালোবাসা দেখানো ওই মায়ের নাম ছলিমা বেগম (৪০)। বড় ছেলে কলেজশিক্ষার্থী মুহাম্মদ ইমনকে (২০) বাঁচাতে তিনি তাঁর একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু কিডনি প্রতিস্থাপনের আট মাস পর ইমন মারা গেছেন। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সুফিপাড়া গ্রামে তাঁদের বাড়ি।
ইমনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে চট্টগ্রামের বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় (এসএসসি) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ইমন। ভর্তি হন রাঙ্গুনিয়া সরকারি কলেজে। ওই বছরে অসুস্থতা অনুভব করেন ইমন। চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হয় ভারতের অ্যাপোলো আন্তর্জাতিক হাসপাতালে। ভারতীয় চিকিৎসকেরা জানান, বিকল হওয়া দুটি কিডনির মধ্যে একটি কিডনি দ্রুত প্রতিস্থাপন করতে হবে। এ কথা শুনে ছলিমা বেগম ছেলেকে বাঁচাতে একটি কিডনি দিয়ে দেন। কিডনি প্রতিস্থাপন করে ছেলেকে দেশে নিয়ে আসেন তিনি।
স্বজনেরা জানান, কিডনি প্রতিস্থাপনের আট মাসের মাথায় আবার অসুস্থ হয়ে পড়েন ইমন। তাঁকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ইমন মারা যান। আজ বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।
ইমনের মামা চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গাজী মো. এনাম বলেন, ইমন খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। রাঙ্গুনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। জটিল রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিতে গিয়ে তাঁর লেখাপড়া বন্ধ হয়ে যায়। ভারত থেকে চিকিৎসা শেষে বাড়িতে এসে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। হঠাৎ আবার অসুস্থ হয়ে যান। রাঙ্গুনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।