মাদারীপুরে চা–দোকানি হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে সদর মডেল থানায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরে চায়ের দোকানদার আউয়াল মাতুব্বর (৫৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেটের সুরমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের বাসিন্দা আলমগীর হাওলাদার (৪৫) ও কালিকাপুর গ্রামের দেলোয়ার মাতুব্বর (২৮)। গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ও দেলোয়ারের বিরুদ্ধে ৩টি মামলা আছে।

সদর মডেল থানার পুলিশ জানায়, ৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকার চায়ের দোকান থেকে আউয়াল মাতুব্বরকে ডেকে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। নির্জন জায়গায় নিয়ে তাঁকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে স্থানীয় নান্নু, চুন্নু মাতুব্বরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাঁকে উদ্ধার করে ফরিদপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আউয়াল।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি ৫১ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিলেট থেকে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আউয়াল হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাঁদের সিলেট থেকে মাদারীপুরে আনা হয়েছে। বুধবার তাঁদের আদালতে হাজির করা হবে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।