লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনী গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত দুজন হলেন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপি কর্মী ওবায়দুল হক (৪৫) এবং জামায়াত কর্মী আবদুর শহিদ (৬০)।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের পক্ষে একটি গণমিছিল বের করা হয়। ওই মিছিলে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিল চলাকালে ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এরপর সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিল চলাকালে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরুপ পাল প্রথম আলোকে বলেন, পৃথক দুটি ঘটনায় দুজনকে জরুরি অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসা দেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।