
একটু বৃষ্টি হলেই সড়কের পানি উপচে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে ঢুকে পড়ে। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এ অবস্থা চলতে থাকে।
নাটোরের লালপুর পুরাতন বাজার এলাকায় বছরে নয় মাস জলাবদ্ধতা থাকে। এতে সেখানকার শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০০ পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ নালাসহ মাত্র আধা কিলোমিটার সড়ক সংস্কার করা হলেই এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
পুরাতন বাজার এলাকার বাসিন্দা শিক্ষক সৌমিত্র সরকার বলেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। সবাইকে নিয়ে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান করা যায় না।
ভুক্তভোগী বাসিন্দাদের ভাষ্য, নাটোর-লালপুর আঞ্চলিক সড়কের শেষ প্রান্তে ঐতিহ্যবাহী শ্রীসুন্দরী পাইলট উচ্চবিদ্যালয়। বিদ্যালয় ঘেঁষে উত্তর-পশ্চিমে দুই শ বছরের ঐতিহ্যবাহী লালপুর বাজার। বাজারটি পুরাতন ও নতুন বাজার নামে দুই ভাগে বিভক্ত। বাজার ঘিরে গড়ে উঠেছে অভিজাত আবাসিক এলাকা। অথচ এখানকার প্রায় ৫০০ পরিবার ও শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বছরের নয় মাস জলাবদ্ধতা লেগে থাকে। নতুন বাজারের উত্তরাংশের রিয়াজ স্টোর থেকে পুরাতন বাজারের ভেতর দিয়ে প্রকৌশলী হামিদুর রহমানের বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার সড়কটি একসময় পিচ কার্পেটিং করা ছিল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের পাথর, খোয়া বিলীন হয়েছে অনেক আগেই।
* জলাবদ্ধতা নিরসনে এর আগে ৪১ লাখ টাকা খরচে ড্রেন নির্মাণ করা হয়েছিল। * প্রাইভেট কার, অটো ভ্যান ও বাইক সড়কে ঢুকলে অধিকাংশ পরিবহনের চাকা ডুবে যাচ্ছে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ড্রেনসহ সড়কটি উঁচু করে সংস্কার করা না হলে সমস্যার সমাধান হবে না। কিন্তু এ কাজ করার সামর্থ্য পরিষদের নেই। ওপরে যোগাযোগ করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে এখানে নানা পেশাজীবী শ্রেণির বসবাস বলে জানালেন স্থানীয় বাসিন্দা প্রকৌশলী হামিদুর রহমান। তিনি বলেন, উপজেলার সবচেয়ে পুরোনো বাজারও এটি। অথচ এখানকার সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও প্রশাসনের নজর নেই বললেই চলে। স্থানীয় সরকারের অধীনে থাকা মাত্র আধা কিলোমিটার সড়কটি ড্রেন নির্মাণসহ সংস্কার করা হলে হাজার হাজার মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পেত।
গত শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, লালপুর পুরাতন বাজারের উত্তরাংশের সড়কটি আশপাশের জায়গার তুলনায় নিচু হওয়ায় সড়কটি কাদা-পানিতে ডুবে আছে। ময়লা–আবর্জনা জমে সড়কের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। হেঁটে চলাও মুশকিল হয়ে পড়েছে। প্রাইভেট কার, অটো ভ্যান ও বাইক সড়কে ঢুকলে অধিকাংশ পরিবহনের চাকা ডুবে যাচ্ছে। এ কারণে এই সড়কে ভাড়ায় যানবাহন চলাচল করে না। এ যেন এক বিচ্ছিন্ন বসতি।
পুরাতন বাজার এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, একটু বৃষ্টি হলেই সড়কের পানি উপচে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে ঢুকে পড়ে। তাঁরা হাট-বাজার, স্কুল-কলেজ ও থানা-হাসপাতাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বছরের মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এ অবস্থা চলতে থাকে।
লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, জলাবদ্ধতার বিষয়টি তিনি জানেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
রিয়াজ স্টোরের মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার কারণে বাজারে লোকজন আসতে চায় না। ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। কর্মচারীদের ছুটি দিয়ে দোকান বন্ধ করে দিতে হবে।’
লালপুর বাজার মহল্লার দুর্ভোগের কথা জেনেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরাসরি সেখানকার ইউএনওকে নির্দেশনা দিয়েছেন। অগ্রগতির ব্যাপারে খোঁজখবর নেবেন।
স্থানীয় উদ্যোক্তা গণেশ কুমার বলেন, জলাবদ্ধতা নিরসনে এর আগে ৪১ লাখ টাকা খরচে ড্রেন নির্মাণ করা হয়েছিল। কিন্তু অনিয়মের কারণে ড্রেনটি কাজে আসছে না।