
রংপুর নগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার ভোররাতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯)। তাদের রংপুর নগরের দখীগঞ্জ শ্মশান থেকে আটক করা হয়। তাদের দুজনের বাড়ি মাছুয়াপাড়ায়। তাঁরা এলাকার চিহ্নিত মাদকসেবী বলে পুলিশের দাবি।
রংপুর সিআইডির পুলিশ পরিদর্শক আবু হাসান কবির ওই দুইজনকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনার মাছুয়াপাড়া এলাকার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।