পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

দুপুর থেকে নিখোঁজ, সন্ধ্যায় বাড়ির পুকুরে মিলল শিশুর নিথর দেহ

আড়াই বছরের শিশু আবু রায়হান বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর কোথাও খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পুকুরের পানিতে তার নিথর দেহ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর উদ্দমদী গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শিশুটির মৃত্যু হয়। আবু রায়হান মতলব উত্তর উপজেলার দ্বীন ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বসতঘর থেকে বের হয়ে আবু রায়হান বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা, দাদিসহ পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। দুপুর ১২টার কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পুকুরে তার ভাসমান নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে নিজেই পুকুরে ডুইবা গেল, নাকি কেউ তারে হেনো ফালাইয়া দিল, তা-ও জানি না। আমার জাদুডারে এহন কোথায় পামু।
ইয়াসমিন বেগম, শিশুটির দাদি

শিশুটির দাদি ইয়াসমিন বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে বলেন, ‘ক্যামনে যে আমার নাতিডা পুকুরে ডুবলো, তা বুঝতাছি না। সে নিজেই পুকুরে ডুইবা গেল, নাকি কেউ তারে হেনো ফালাইয়া দিল, তা-ও জানি না। আমার জাদুডারে এহন কোথায় পামু। কে আমারে দাদি বলে ডাকব অহন?’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।