দুটি মহিষকে হত্যার পর ঘটনাস্থলে যায় পুলিশ
দুটি মহিষকে হত্যার পর ঘটনাস্থলে যায় পুলিশ

কারা, কেন হাতুড়ি দিয়ে পিটিয়ে মারল দুটি মহিষকে

চট্টগ্রামের আনোয়ারায় অণ্ডকোষ কেটে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুটি মহিষকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচরসংলগ্ন পঙ্খীরচর এলাকায় এ ঘটনা ঘটে। মহিষ দুটির মালিক বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার বাসিন্দা শফিউল আজম। তিনি বলেন, কারা, কেন তাঁর দুটি মহিষকে এমন নৃশংস কায়দায় হত্যা করেছে, তা জানেন না। এমন নিষ্ঠুরতায় ভেঙে পড়েছেন তিনি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পঙ্খীরচর শঙ্খ নদের মাঝখানে দ্বীপের মতো। ওই দ্বীপে আনোয়ারা উপজেলার বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়নের বাসিন্দারা মাছ চাষ ও মহিষ পালন করে থাকেন। গতকাল শনিবার রাতে ওই দ্বীপে মহিষগুলো বেঁধে ভরাচর গ্রামে চলে আসেন শফিউল আজম। এরপর আজ ভোরে তিনি ওই চরে গিয়ে মহিষ দুটি মৃত পড়ে থাকতে দেখেন।

শফিউল আজম বলেন, মহিষ দুটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। কেবল আর্থিক ক্ষতি বড় কথা নয়, মহিষগুলো অনেক যত্নের ও আদরের ছিল। এমন অবলা প্রাণীকে কেন কেউ এভাবে মারবে, তা তাঁর মাথায় ধরছে না। এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শফিউল আজমের ছেলে নাজিম উদ্দীন বলেন, ‘সকালে গিয়ে আমি ও আমার আব্বা দুটি মহিষ মরা দেখতে পাই। মরা মহিষগুলোর অণ্ডকোষ কাটা ও মুখ থেঁতলানো ছিল। সম্ভবত মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’