
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের খবর পাওয়া গেছে। গত বুধবার (১৬ নভেম্বর) ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে রবিন সরকার (২২) নামের ওই তরুণ আর ফেরেননি। আজ রোববার তাঁকে আটকের কথা জানতে পারেন পরিবারের সদস্যরা।
রবিন সরকার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের আবদুল হাই মন্টুর ছেলে।
এ বিষয়ে রৌমারীর দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খালেদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রবিন কোন দিন কীভাবে ভারতে অনুপ্রবেশ করেছে, তা তাঁরা জানেন না। আজ রোববার শুনতে পারেন, রবিন ভারতীয় কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আটক হয়েছেন। তবে বিএসএফ ক্যাম্প থেকে এখন পর্যন্ত চিঠি বা মৌখিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরাও এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
রবিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার জন্য ছাটকড়াইবাড়ী নামক এলাকার ১০৫৮ মেইন পিলারের কাছাকাছি সীমান্তে যান রবিন। এরপর আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁকে পাওয়া যায়নি। রোববার বিকেলে জানা যায়, সীমান্তে বিএসএফ তাঁকে আটক করেছে।
সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাসংক্রান্ত বিষয়ে মনোমালিন্য হয়। একপর্যায়ে তাঁরা গরু পারাপার না করেই বাংলাদেশে আশার চেষ্টা করেন। এ সময় কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন রবিন। বাকিরা পালিয়ে যান।