পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় ঘটককে কুপিয়ে হত্যা: পুলিশ

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

তাহসিন আরবি (১৯) এক মেয়েকে পছন্দ করতেন ও বিয়ে করতে চাইতেন। মেয়েটিকে তিনি চলতিপথে উত্ত্যক্তও করতেন। মেয়েটির পরিবার বিষয়টি স্থানীয় ঘটক আমিরুল ইসলামকে জানান। ঘটক আমিরুল অন্য জায়গায় মেয়েটির বিয়ের ব্যবস্থা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাহসিন ও তাঁর সহযোগীরা ঘটক আমিরুলকে কুপিয়ে হত্যা করেছেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তাহসিন আরবি এসব বিষয় স্বীকার করছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে দুই দিনের রিমান্ড শেষে তাহসিন আরবিসহ তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামিরা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে রাজি হননি।

নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি পাঁচ বছর আগে দুবাই থেকে দেশে ফিরে গরুর ব্যবসা শুরু করেন। পাশাপাশি করছিলেন ঘটকালি।

ঘটনার পরদিন নিহত আমিরুলের ভাই নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মোট ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। পরে এজাহারভুক্ত আসামি হাফিজুর রহমান (৫১), তাঁর ছেলে তাহসিন আবির, একই গ্রামের হোসাইন হাওলাদার (১৮) ও মো. নিয়াজকে (১৭) গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করে পুলিশ। গত ২৭ ফেব্রুয়ারি মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল আজাদ রিমান্ডের আবেদনের শুনানি শেষে তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা আসামি হাফিজুর রহমান, তাহসিন আরবি ও হোসাইনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দুটি অস্ত্র হাফিজুরের বাড়ির একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমানের পরিবারের সঙ্গে আমিরুল ইসলামারের আগের শত্রুতা ছিল। হাফিজুর রহমানের ছেলে তাহসিন আরবি এক মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়েটির পরিবার আমিরুলকে জানালে তিনি এক মাস আগে মেয়েটিকে অন্যস্থানে বিয়ের ব্যবস্থা করেন। এ ঘটনার পর তাহসিন কয়েক জন নিয়ে আমিরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন। গত ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের খানকায় সালেহিয়া দ্বিনিয়া নুরানি মাদ্রাসার মাঠে মাহফিলে যান আমিরুল। রাত দেড়টার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।