
সিলেট থেকে জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামে দাদার কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র। নিহত রেদোয়ান আহমদ চৌধুরী (২৪) উপজেলার খলাদাপনিয়া গ্রামের আহমদ আল কবীর চৌধুরীর ছেলে। তিনি সিলেট এমসি (মুরারিচাঁদ) কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
দুর্ঘটনায় রেদোয়ানের মা পান্না বেগম (৪৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকার পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে সিএনজিচালিত অটোরিকশা এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রেদোয়ান আহমদ চৌধুরী ও তাঁর মা সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল বিকেলে সিলেট থেকে জকিগঞ্জ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় আরও দুই যাত্রী এবং চালক ছিলেন। অটোরিকশাটি সড়কের বাজার এলাকার পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে রেদোয়ানের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন সিএনজিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী এবং চালক। দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কানাইঘাট থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দাদার কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে মাকে নিয়ে যাওয়ার পথে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা এবং টেম্পো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।