নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে (১৬) কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর বাবা মাধবদী থানায় মামলা করেন। মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার রাতে মাধবদী থানার একটি এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামির নাম মো. মাহাবুব (২৬) ও পলাতক আসামির নাম মোশাররফ মিয়া (৩০)। দুজনেই মাধবদী থানা এলাকার বাসিন্দা। তাঁরা দুজনেই এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। বুধবার রাত ১০টার দিকে সে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে মোশাররফ ‘কথা আছে’ বলে কৌশলে তাকে পার্শ্ববর্তী মাহাবুবের বাড়িতে ডেকে নেন। রাত সাড়ে ১০টার দিকে সেখানে মোশাররফ ও মাহাবুব তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার ভিডিও ধারণ করা আছে জানিয়ে তাঁরা কিশোরীকে এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর কিশোরীর মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা তাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন। পরে সে বাড়ি থেকে দুই হাজার টাকা নিয়ে গিয়ে তাঁদের দিলে মুঠোফোন ফেরত পায়। বিষয়টি জানার পর রাতেই কিশোরীর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাহাবুবকে আটক করেন। সে সময় মোশাররফ পালিয়ে যান। মাহাবুবকে রাতে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আজ দুপুরে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনার সত্যতা যাচাই করে মামলা নেওয়া হয়েছে। মামলার পর আটক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।