ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সীতাকুণ্ড ও সন্দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাত তিনটার পর থেকে সিত্রাংয়ের প্রভাবে বাতাসের গতিবেগ বাড়তে থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিদ্যুৎ বিভাগের লোকজন বলছেন, দমকা হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পার্শ্ববর্তী গাছ এসে আঘাত করে। ফলে বিদ্যুৎ সংযোগ দিয়েও সরবরাহ টিকিয়ে রাখা যাচ্ছে না। তাঁরা বারবার চেষ্টা করছেন বিদ্যুৎ সরবরাহের জন্য।

কুমিরা এলাকার বাসিন্দা বিদুর দাস বলেন, রাত থেকেই বিদ্যুৎ নেই। মুঠোফোনে ফোনে চার্জ নেই। পানিও তুলতে পারেননি তাঁরা।

সন্দ্বীপের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, গভীর রাত থেকে সন্দ্বীপে বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ আসবে কেউ জানেন না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সন্দ্বীপের আবাসিক প্রতিনিধি ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, সন্দ্বীপের বিদ্যুৎ দেওয়া হয় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় থেকে। গতকাল রোববার রাত তিনটার পর থেকে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পিডিবির বাড়বকুণ্ড বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের প্রতিটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে ২০ ফুট দূরে গাছ রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দমকা হওয়া গাছের ডালপালা এসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওপর পড়ে। এতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। তাঁরা বারবার বিদ্যুৎ সংযোগ দিলেও সেটা টিকিয়ে রাখতে পারছেন না। তাঁদের প্রকৌশলীরা লাইন সচল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের অধীনস্থ এলাকায় সকাল ৯টার পর কিছু কিছু সঞ্চালন লাইনে বিদ্যুৎ সংযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম।