ঢাকার ধামরাই

অসহনীয় আর্সেনিক ৯৯৬টি নলকূপে

আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক শূন্য ৫ মিলিগ্রাম। ধামরাইয়ের কিছু জায়গায় আর্সেনিকের মাত্রা দশমিক শূন্য ৬ থেকে দশমিক ৫।

ঢাকার ধামরাই উপজেলায় আর্সেনিকের মাত্রা পরীক্ষায় প্রায় এক হাজার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এসব নলকূপের পানি ব্যবহার না করতে লাল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিরাপদ পানি সহজলভ্য না হওয়ায় এ নিষেধ মানছেন না অনেক বাসিন্দা।

উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘পানিতে আর্সেনিক–ঝুঁকি নিরসন প্রকল্প’-এর আওতায় গত অর্থবছর থেকে গভীর ও অগভীর নলকূপগুলোয় আর্সেনিক পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪২ হাজার ৫০০ গভীর ও অগভীর নলকূপের পানি পরীক্ষা করা হবে। প্রতি ইউনিয়নে সর্বোচ্চ ২ হাজার ৫০০ নলকূপ পরীক্ষা করা হচ্ছে। এ কাজে প্রতি ইউনিয়নে ছয়জন করে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩২ হাজার ১০০ নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গেছে ৯৭০টিতে।

শুনেছি, অনেকের টিউবওয়েলে নাকি আর্সেনিক ধরা পড়ছে, এখন তো সবাই ভয়ে আছি।
আল আমিন, কুশুরা ইউনিয়নের বাসিন্দা

এ ছাড়া ‘সমগ্র দেশে গভীর নলকূপ নিরাপদ পানি সরবরাহ’ নামক আরও একটি প্রকল্পের আওতায় ধামরাই উপজেলায় স্থাপিত ১ হাজার ২৪৮টি গভীর নলকূপের পানি পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৯ শতাধিক গভীর নলকূপের পানি পরীক্ষা করে ২৬টিতে আর্সেনিকের অস্তিত্ব মিলেছে। এর মধ্যে ২৩টিতে আর্সেনিক রিমোভার (আরও ফিল্টার) বসানো হয়েছে।

উপজেলার জনস্বাস্থ্য কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ধামরাই উপজেলার মোট ৯৯৬ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এর মধ্যে চৌহাট, আমতা, বালিয়া, গাঙ্গুটিয়া এলাকায় আর্সেনিকের প্রকটতা অন্যান্য ইউনিয়নের চেয়ে বেশি। দুই বছর আগে উপজেলার কুশুরার হালুয়াপাড়া গ্রামের নলকূপগুলোয় আর্সেনিক পাওয়া যায়। এবারের পরীক্ষায়ও সেখানে আর্সেনিক মিলেছে। এসব নলকূপের পানি পানের অযোগ্য ঘোষণা করে এসব নলকূপ লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। তবে পৌরসভা, ধামরাই ও ভাড়ারিয়ার এলাকাগুলোয় মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়নি।

ধামরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামীউর রহমান প্রথম আলোকে বলেন, আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক শূন্য ৫ মিলিগ্রাম হলেও বেশ কিছু জায়গায় দশমিক শূন্য ৬ থেকে দশমিক ৫ পর্যন্ত মিলেছে। পানি পরীক্ষার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

আর্সেনিকের বিষয়টিতে উপজেলার বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান প্রথম আলোকে বলেন, অনেকেই তাঁদের নলকূপে আর্সেনিকের সমস্যার বিষয়টি সমাধান হিসেবে নতুন করে সরকারিভাবে নলকূপ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। নিজ উদ্যোগে অনেকে নলকূল স্থাপন করে পরে দেখেন, ওই নলকূপের পানিতেও আর্সেনিক রয়েছে। এতে করে সবাই একধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

যেসব নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে, সেগুলোর পানি ব্যবহার না করার নির্দেশনা মানছেন না অনেকেই। কেননা, স্থানভেদে আর্সেনিকমুক্ত নলকূপের দূরত্ব বা নিরাপদ পানি সংগ্রহের বিষয়টি অনেকের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আর্সেনিকযুক্ত নলকূপের পানিই ব্যবহার করছেন। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কয়েক হাজার মানুষ।

কুশুরা ইউনিয়নের আল আমিনের বাড়ির নলকূপে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। বিষয়টি নিয়ে সবাই ভয়ে আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তো মনে করেছি, আমাদের টিউবওয়েলের পানি ভালো। এখন শুনি, পানিতে আর্সেনিক আছে। আমরাসহ অনেকেই তো এই টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এখন তো সমস্যার মধ্যে পড়ে গেছি। শুনেছি, অনেকের টিউবওয়েলে নাকি আর্সেনিক ধরা পড়ছে, এখন তো সবাই ভয়ে আছি। সরকার আমাদের নতুন টিউবওয়েল দিক, না হলে কিছু একটা করুক, যাতে আমরা ভালো পানি পান করে বাঁচতে পারি।’

আর্সেনিকযুক্ত পানি পানের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, দীর্ঘ সময় ধরে আর্সেনিকযুক্ত পানি পান করলে আর্সেনিকোসিস রোগ দেখা দেয়। মাত্রাতিরিক্ত আর্সেনিকমিশ্রিত পানি পানের কারণে হাত ও পায়ের তালু ছোট ছোট শক্ত গুটির মতো দেখা দিতে পারে। গায়ের চামড়া মোটা ও খসখসে হয়ে যায়। চামড়া, মূত্রথলি ও ফুসফুসে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। কিডনি ও লিভার অকেজো হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।