
হবিগঞ্জের চুনারুঘাটে ধারালো অস্ত্রের আঘাতে হাত-পা বিচ্ছিন্ন হওয়া আকলিমা খাতুনের (৩২) মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়।
আকলিমার বাবার বাড়ি চুনারুঘাট উপজেলার ছনখলা গ্রামে। হামলায় অভিযুক্ত আকলিমার সাবেক স্বামী সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
চুনারুঘাটের সোনাচং গ্রামের সুজন মিয়া প্রায় ১৫ বছর আগে আকলিমাকে বিয়ে করেন। তাঁদের ১৫ বছরের সংসারে ৭ ছেলেমেয়ে আছে। আকলিমা অন্যত্র বিয়ে করেছেন—এমন অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগমুহূর্তে বাড়ির সামনে একটি নারকেলগাছ পরিষ্কার করছিলেন সুজন মিয়া। ওই পথ দিয়ে যাচ্ছিলেন আকলিমা। এ সময় একে অপরকে গালাগাল দেন। একপর্যায়ে সুজন মিয়া তাঁর হাতে থাকা দা দিয়ে আকলিমাকে কোপাতে শুরু করেন। ধারালো অস্ত্রের আঘাতে আকলিমার বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ডান হাতের কবজি কেটে যায়। একইভাবে বাঁ পা গোড়ালি থেকে ঝুলে থাকে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজন বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করে চুনারুঘাট থানার পুলিশ।
গুরুতর আহত আকলিমাকে প্রথমেই নেওয়া হয় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানের দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে রাত ১১টায় আকলিমার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকলিমার সাবেক স্বামী সুজন মিয়া আটক আছেন। আটকের পর সুজন মিয়া পুলিশকে জানান, আকলিমা সাত ছেলেমেয়ে রেখে অন্যত্র বিয়ে করায় তাঁকে তিনি তালাক দিয়েছেন। গতকাল আকলিমা তাঁকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে তাঁর হাত-পা কেটে দিয়েছেন।