সেতুর দুই পাশে ‘সাত টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার’ জন্য সতর্ক নোটিশ টাঙিয়েছে সড়ক বিভাগ।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় জুঙ্গুরদী এলাকায় কুমার নদের ওপর বেইলি সেতুটি জোড়াতালি দিয়ে চলছে দীর্ঘদিন। সেখানে একটি আরসিসি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এটি ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
মাঝেমধ্যে পাটাতন মেরামতসহ টুকটাক ঝালাই করে সেতুটি চালু রাখছে সড়ক বিভাগ। ঝুঁকিপূর্ণ সেতুর দুই পাশে ‘সাত টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার’ জন্য সতর্ক নোটিশ টাঙিয়েছে সড়ক বিভাগ। ২০২১ সালের ১৯ মার্চ বালুভর্তি একটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। তখন যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিনের জন্য। পরে মেরামত করার পর সেতুর ওপর দিয়ে আবারও যানবাহন চলাচল শুরু হয়।
সেতুটির উত্তর পাশ নগরকান্দার জুঙ্গুরদী এবং দক্ষিণ পাশ নগরকান্দা ছাগলদী এলাকা। এটি এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের তালমার মোড় থেকে শুরু হয়ে নগরকান্দা উপজেলা সদর হয়ে নগরকান্দা চাঁদহাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের সঙ্গে সংযোগকারী তালমা-চাঁদহাট সড়কে অবস্থিত। ১৯৯১ সালে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৯৭ মিটার ও প্রস্ত ৬ মিটার।
গত বছর জুনে পদ্মা সেতু চালু হওয়ার পর তালমা-চাঁদহাট সড়কটি গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০২০ সালের ২ অক্টোবর প্রথম আলোয় ‘ফরিদপুরের নগরকান্দা: সরু সেতু পার হতে দুর্ভোগ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছিলেন, নগরকান্দা বেইলি সেতুর জায়গায় একটি আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। কিন্তু সে উদ্যোগ আলোর মুখ দেখেনি।
ফরিদপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান প্রথম আলোকে বলেন, বেইলি সেতুর জায়গায় একটি আরসিসি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ১৯ জানুয়ারি দরপত্র খোলা হবে। সেখানে ৯৭ মিটার দৈর্ঘ্য এবং ১০ দশমিক ৩ মিটার প্রস্থের একটি আরসিসি সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার দুই মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ শুরু করা যাবে।
সড়ক বিভাগের কথায় আশ্বস্ত হতে পারছেন না এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় কয়েকজন বলেন, সড়ক বিভাগের প্রতিশ্রুতি তাঁরা কয়েক বছর ধরে শুনে আসছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেতুটি জোড়াতালি দিয়ে চলছে।
২০২০ সালে সেতুটি ভেঙে পড়ার পর শতাধিক স্থানে জোড়াতালি দিয়ে সেটি মেরামত করে দাঁড় করানো হয়। প্রতিদিন শত শত ভারী যানবাহনসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে স্টিলের তৈরি জরাজীর্ণ এই বেইলি সেতু পার হয়ে গন্তব্যে যাতায়াত করেন।
গত বছরের ২৫ জানুয়ারি বেইলি সেতু অপসারণ করে নতুন প্রশস্ত আরসিসি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
নগরকান্দা পৌরসভার বাসিন্দা শফিকুল খান (৩২) বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণ করা হবে—এ গল্প আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। নড়বড়ে ওই সেতু দিয়ে সাত টনের বেশি যানবাহন চলাচল না করার একটি নোটিশ টাঙিয়ে দেয় সড়ক বিভাগ। তারপরও আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিন ১০–১৫ মেট্রিক টন মালামাল নিয়ে যানবাহন চলাচল করছে।’
নগরকান্দার ফুলসূতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষার্থী জহির হোসেন (২২) বলেন, ‘সেতুটির পাটাতনের স্টিলের পাতগুলোর বেশ কটি জয়েন্ট ছুটে গেছে। এমন অবস্থায় পায়ে হেঁটে সেতুটি পার হতে ভয় লাগে। ওই সময় যদি কোনো যানবাহন সেতু দিয়ে পার হয়, তখন সেতুটি কেঁপে ওঠে। খুব ভয় লাগে তখন। মনে হয়, এই বুঝি ভেঙে পড়বে।’
নিয়মিত যাতায়াতকারী বাসচালক সোহরাব হোসেন (৩৬) বলেন, ‘নড়বড়ে সেতুটি দিয়ে বাস নিয়ে যাওয়ার সময় আতঙ্কে থাকি।’