কুদরিন সার্গেই
কুদরিন সার্গেই

‘মদ্যপানের সময়’ মারামারিতে জড়ান দুই রুশ নাগরিক, হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্যজন। আজ সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬)। আহত মেনচেভকে (৫৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমের কর্মী।

পুলিশ ও গ্রিন সিটি সূত্রে জানা গেছে, আজ সকালে কুদরিনের সঙ্গে মদ্যপান করছিলেন মেনচেভ। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। এতে দুজনই গুরুতর আহত হন।

গ্রিন সিটির কর্মীরা দুজনকে উদ্ধার করে প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে কুদরিন মারা যান। আহত মেনচেভকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

কুদরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।