সিলেটে বন্ধ কক্ষে আগুন, পরে রক্ষা পেল দুটি পরিবার

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

সিলেটে একটি ভবনের নিচতলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে অগ্নিকাণ্ডের খবর জানানো হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে রক্ষা পেয়েছে দোতলা ভবনে থাকা দুটি পরিবার।

শুক্রবার বিকেল চারটার দিকে সিলেট নগরের নয়াসড়ক ডি-৩ রাজনারায়ণ চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে।

ভবনটির তত্ত্বাবধায়ক সুমন্ত ভট্টাচার্য বলেন, বাসার মালিক নারায়ণ চৌধুরী দেশের বাইরে থাকেন। বাসাটি দেখাশোনা তিনিই করেন। শুক্রবার বিকেলে হঠাৎ বন্ধ থাকা ঘরের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজনের অনেকেই এগিয়ে আসেন। ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভবনে থাকা দুটি পরিবারের সদস্য ও তাঁদের মালামাল রক্ষা পায়।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বন্ধ থাকা ঘরে আইপিএসে (ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই) মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আসবাবসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।