সুলেখা কালির দোয়াতে বঙ্গবন্ধুর ৭ মার্চ

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুলেখা কালির দোয়াতের বিশেষ সংস্করণ
ছবি: প্রথম আলো

মহাত্মা গান্ধীর ডাকে তখন ভারতবর্ষে বিদেশি পণ্য বর্জন চলছে। কিন্তু চিঠিপত্র লিখতে হচ্ছে বিদেশি কালিতে। সেই সমস্যা দূর করতে ১৯৩৪ সালে স্বদেশি পণ্য হিসেবে রাজশাহীতে যাত্রা শুরু হয়েছিল সুলেখা কালির। দেশ ভাগ হয়ে যাওয়ার পর সুলেখার কারখানা চলে যায় ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে। সেই কারখানার সুবাদে ওই জায়গা পরিচিতি পায় সুলেখার মোড় হিসেবে।

১৯৮০ সালে এই কারখানা বন্ধ হয়ে যায়। তবে ২০২০ সালে নতুন করে উৎপাদন শুরু হয়েছে সুলেখা কালির। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ দোয়াতের মোড়কের এক পাশে লিখেছে ‘গর্বের ৫০, সুলেখা সমর্পণ’। আরেক পাশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দুটি লাইন ‘আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না’ লেখা আছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণ ছিল এগুলো।

গত ফেব্রুয়ারি মাসে ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রর জন্মদিনের অনুষ্ঠানে রাজশাহী থিয়েটারের আমন্ত্রণে অক্ষয়কুমার মৈত্রর প্রপৌত্র (নাতনির ছেলে) অভিজিৎ গোস্বামী এসেছিলেন রাজশাহীতে। তিনি কথায় কথায় সুলেখা কালির দোয়াতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির বিষয়টা জানান। নিজে দুটি দোয়াত সংগ্রহ করেছেন।

স্বদেশি আন্দোলনের কর্মী সতীশ চন্দ্র দাশগুপ্ত একসময় ‘কৃষ্ণধারা’ নামে একটি কালি তৈরি করেছিলেন। তিনি নিজের কালির ফর্মুলা তুলে দেন রাজশাহীনিবাসী দুই ভাই ননীগোপাল মৈত্র আর শঙ্করাচার্য মৈত্রর হাতে। আর তাঁদের উৎসাহ দিয়ে বলেন, ‘তোমরা একটি কারখানা খোলো, যেখানে কালি তৈরি হবে। এই কালির গুণমান হবে বিদেশের কালির চেয়েও ভালো।’ ননী ও শঙ্কর তাঁদের মা সত্যবতী মৈত্র ও বাবা অম্বিকাচরণ মৈত্রর সমর্থনে ও আর্থিক সহযোগিতায় ১৯৩৪ সালে কারখানা শুরু করেন।

সুলেখা কালির দোয়াতের মোড়কে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

স্বাধীনতাসংগ্রামী অধ্যাপক ননীগোপাল মৈত্র কারাগারে বন্দী থাকার সময় পদার্থবিদ্যায় স্নাতক উত্তীর্ণ হন। কারামুক্তির পর তৎকালীন প্রেসিডেন্সি কলেজে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন। দ্বিতীয় হওয়ার পেছনে কারণটাও ছিল অদ্ভুত। সাহেবি কলম দিয়ে লিখবেন না, তাই পেনসিল দিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি! পরে ননীগোপাল মৈত্রর নামে বিভিন্ন মহলে সুলেখা কালি ‘প্রফেসর মৈত্র কালি’ নামে পরিচিতি পেয়েছিল।

সুলেখা আবার ফিরে আসে তার জন্মশহর রাজশাহীতে, ২০২০ সালের ডিসেম্বরে। আর এই যাত্রা শুরু হয় বাংলাদেশের প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শুভেচ্ছাবার্তা দিয়ে। তিনি লেখালেখিতে সুলেখা কালি ব্যবহার করতেন। তাঁর শুভেচ্ছাবার্তা পেয়ে হোয়াটসঅ্যাপে মৈত্র পরিবারের পক্ষ থেকে কৌশিক মৈত্র তাঁকে ধন্যবাদ জানান।