
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন এক বাবা। এরপর ওই সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাওয়ায় তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নরসিংদীর রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা গ্রামের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কারাদণ্ড পাওয়া তরুণের নাম ফয়সাল আহমেদ (২০)। তিনি রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা গ্রামের কলাবাড়িয়া এলাকার মো. বাদল মিয়ার বড় ছেলে। তাঁকে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।
জানতে চাইলে মো. বাদল মিয়া প্রথম আলোকে বলেন, ‘ফয়সাল যেকোনো সময় আমাদের মেরে ফেলতে পারে। এলাকার জনপ্রতিনিধিদের জানানো হলেও সমাধান না পেয়ে লিখিত অভিযোগ করেছিলাম। ইউএনও স্যারের নেতৃত্বে আজ যখন ভ্রাম্যমাণ আদালত অভিযান চলছিল, তখনো সে মাদক সেবন করছিল। আমি চাই, তিন মাসের কারাদণ্ড ভোগের পর স্বাভাবিক জীবনে ফিরে আসুক ফয়সাল।’
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া রায়পুরার ইউএনও মো. আজগর হোসেন প্রথম আলোকে বলেন, বাবার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে তাত্তাকান্দা গ্রামের কলাবাড়িয়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ফয়সালকে বাড়িসংলগ্ন স্থানে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ছেলের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, এক বছর ধরে ফয়সাল আহমেদ মাদকাসক্ত। প্রতিদিন নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ দিয়ে আসছেন তিনি। টাকা না দিলে বাড়িতে ভাঙচুর শুরু করেন। প্রায়ই বাবা–মাকে মারধর ও গালিগালাজ করেন। ১৬ মে সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠেই বাদল মিয়ার কাছে নেশার টাকা চান ফয়সাল।
ওই সময় টাকা দেবেন না জানালে ঘরের ভেতর থেকে দা এনে তাঁকে মারতে আসেন। এরপর রান্নাঘরের জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় বাদল মিয়া কোনো রকমে দৌড়ে প্রাণে বাঁচেন।