
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলটি খুইয়েছেন। নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের চকমতি গ্রামে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
মোটরসাইকেল খোয়ানোর ঘটনায় আলমগীর হোসেন গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে এএসআই আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তিনি একটি অভিযোগের তদন্ত করতে চকমতি গ্রামের আনোয়ারুল হোসেন ভূঁইয়ার বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়ির ভেতর থেকে বের হয়ে দেখতে পান, তাঁর নিজের মোটরসাইকেলটি নেই। পরে চারপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাননি। তাঁর মোটরসাইকেলটি নীল রঙের ১৫০ সিসি পালসার ব্র্যান্ডের। সেটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৩৫-৭৭৮৫।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে ওই মোটরসাইকেল খোয়ানোর কথা আমি অবগত আছি।’