পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়
পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি নোটিশে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

চন্দ্রায় মহাসড়ক অবরোধ

আজ সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন—এমন খবর আজ ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা মহাসড়ক না ছাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুটা দূরে মৌচাক এলাকায় অবরোধ করেন শ্রমিকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানেও একইভাবে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শ্রমিক কবির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার আমাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছিলেন। আজ সকালে একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনার প্রতিবাদে আমরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছি। আমরা বেতন বৃদ্ধিসহ আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই।’

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চন্দ্রা ও মৌচাক এলাকার আশপাশের ১৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভার–আশুলিয়ায় ৫৯ কারখানায় কাজ হচ্ছে না

এদিকে শ্রমিকদের আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ–সংক্রান্ত নোটিশে শ্রমিকদের চলমান আন্দোলন, ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা লোসাকা গ্রুপের কারখানার ফটকে টাঙানো নোটিশ দেখছেন এক নারী। শনিবার সকালে

এসব কারখানার মধ্যে কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারার আওতায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধারায় কারখানা বন্ধ বলতে বোঝায়, ‘কাজ নেই, মজুরি নেই।’ অর্থাৎ যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিন শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অন্যদিকে শুধু বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকেরা নিয়ম অনুযায়ী বন্ধের দিনগুলোর বেতন পাবেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, অস্থিতিশীলতার কারণে সাভার ও আশুলিয়ায় এখন পর্যন্ত ১৮টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য ও পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাতটিতে ছুটি দিয়েছে। আজ শ্রমিকেরা কাজ না করায় আরও ১২টিতে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ ৫৯টির মতো কারখানায় কাজ হচ্ছে না।

আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ওই গ্রুপের বীক নিট লিমিটেড কারখানা লক্ষ্য করে অন্য কারখানার শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। নিরাপত্তার কথা ভেবে ওই দিন কর্তৃপক্ষ ছুটি দেয়। পরে গতকাল শুক্রবার এক নোটিশের মাধ্যমে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য লোসাকা গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আশুলিয়া শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান উচ্ছৃঙ্খল ও অরাজক পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় শ্রমিকদের জানমালের নিরাপত্তা, কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর (আজ শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করা এস-২১ এ্যাপারেলস লিমিটেড কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখছেন এক ব্যক্তি

বীক নিট লিমিটেড কারখানার এক নারী অপারেটর প্রথম আলোকে বলেন, ‘আমাদের অফিসে কোনো গ্যাঞ্জাম ছিল না। পাশের কারখানায় ঝামেলা ছিল। ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেইট ভাঙছে, সিকিউরিটিরে মারছে। এই কারণে বন্ধ রাখছে। বৃহস্পতিবার ছুটি দিছিল। পরে অনেক অফিস বন্ধ দিছে দেইখা আমাদের অফিসও বন্ধ দিছে। অন্যদের কারণে আমরা ভোগান্তিতে পড়ছি।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন সম্পাদক খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, সব কারখানায় সমস্যা হচ্ছে—এমন নয়। হাতে গোনা ১২ থেকে ১৪টি কারখানায় সমস্যা ছিল। ওই কারখানাগুলোয় বকেয়া বেতন, কাজের চাপ, অসদাচরণসহ নানা বিষয়ে শ্রমিকদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভকে অস্থিতিশীলতায় পরিণত করতে বহিরাগত দুষ্কৃতকারীরা সুযোগ কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষ সুযোগ নিচ্ছে। তিনি বলেন, যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে যাতে শ্রমিক ছাঁটাই না হয়, সে বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে।