
যাঁরা দুর্নীতি করবেন, তাঁদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুদক দুদকের কাজ করবে।
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য ও জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
উপদেষ্টাদের দুর্নীতির খবর নিয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব। দেশকে কী করে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব—সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যাঁরা দুর্নীতি করবেন, তাঁদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না।’
সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আলোচনার বিষয় সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জেলায় কী কী উন্নয়ন কর্মকাণ্ড চলছে আর কী কী কাজ চলবে; সেটা অবহিত হয়েছি। আপনাদের একটা সুখবর দিয়ে দিই, মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য একটা টিম এসেছে। তারা জমি দেখে আজকেই নির্ধারণ করবে এবং তারা আশা করছে, ২০২৭ সালের মধ্যেই এখানে ছাত্র ভর্তি শুরু করতে পারবেন। এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো খবর।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে জয় পাওয়া মির্জা ফখরুল জানান, আলোচনা সভায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণের ওপর। পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে আজ থেকেই কার্যক্রম শুরু হবে। হাসপাতালের সেবার উন্নয়নে জোর দেওয়া হয়েছে। কৃষি উন্নয়নে কথা বলা হয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কর্মসূচিগুলো নিয়ে কথা হয়েছে, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়েও কথা হয়েছে।