
দেশে ১৫ থেকে ৩৪ বছর বয়সী তরুণের সংখ্যা ৫ কোটি ৮১ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ। এই বিপুলসংখ্যক তরুণকে কাজে লাগাতে তাঁদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বক্তারা।
আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও দ্য ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন বলেন, তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তাঁদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। যাতে তাঁরা কাজের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন। দক্ষতা অর্জনের পর প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি।
তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ডে এবারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সৃজনশীল অর্থনীতিকে (ক্রিয়েটিভ ইকোনমি) গুরুত্ব দিতে চায়। তরুণেরাই এ অর্থনীতির প্রধান অংশীজন হতে পারেন। তাঁদের সম্ভাবনা সবচেয়ে বেশি। তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নেদারল্যান্ডস দূতাবাসের রাজনীতি ও মানবাধিকারবিষয়ক ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজাওয়ি বলেন, তরুণদের শুধু উন্নয়ন কর্মসূচির সুবিধাভোগী হিসেবে দেখলে হবে না। তাঁদের উদ্ভাবক, নেতা, অংশীদার ও পরিবর্তনের প্রতিনিধি হয়ে উঠতে হবে।
বাংলাদেশের উন্নয়নের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (নির্ভরশীল জনসংখ্যার তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকার বিশেষ অর্থনৈতিক সুবিধা) কাজে লাগানোর বড় সুযোগ রয়েছে উল্লেখ করে জাওয়াদ আজাওয়ি বলেন, এই সুযোগ আপনা-আপনি কাজে লাগবে না। তরুণদের, বিশেষ করে তরুণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের এখনো নানা বাধার মুখে পড়তে হয়। তরুণদের অন্তর্ভুক্তির, শেখার, কাজ করার, অংশীদারত্বের, নেতৃত্ব দেওয়ার এবং তাঁদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে প্রভাব রাখার সুযোগ প্রয়োজন।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, আজকের তরুণদের প্রযুক্তি ও কল্পনার শক্তি রয়েছে। তবে সব দায়িত্ব তরুণদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
সরকার, শিক্ষা, কূটনীতি, উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে যুক্ত সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে সামসাদ মর্তূজা বলেন, তরুণদের মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের ভিন্নমত প্রকাশের স্বাধীনতাও দিতে হবে।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, শিশুরা ভবিষ্যৎ, কিন্তু তরুণেরা বর্তমান। তরুণদের নিষ্ক্রিয় সেবাগ্রহীতা হিসেবে দেখতে চান না তাঁরা। তরুণদের মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরিতে কাজ করছেন তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সোচ্চার প্রকল্পের ব্যবস্থাপক ফারহানা আক্তার ও তরুণ প্রতিনিধি লিলি প্রু মারমা।
এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নারী নেতৃত্বাধীন নয়টি সংগঠনের স্টল ঘুরে দেখেন।