
সোনামসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন পদ্ধতি চালু করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত বিভিন্ন সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া স্থলবন্দরগুলোয় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার–পদ্ধতি ব্যবহার করার সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মাজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ ও এস এম শাহজাদা।