ফেলানী হত্যার বিচারের দাবি ও সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে মিছিল-সমাবেশ

বিএসএফের গুলিতে নিহতের পর ফেলানীর এ মর্মান্তিক ছবি দেশ-বিদেশে আলোড়ন তুলেছিল
 ছবি: সংগৃহীত

এক যুগ আগে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী হত্যার বিচার ও সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
বামপন্থী আটটি ছাত্রসংগঠনের এ মোর্চার নেতারা বলেন, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডাস ক্যাফেটেরিয়ার সামনে এক সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা এসব কথা বলেন।

২০১১ সালের ৭ জানুয়ারি ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছরের কিশোরী ফেলানী। ফেলানীর লাশ কাঁটাতারে চার ঘণ্টার বেশি সময় ঝুলে ছিল। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশ আলোড়ন তুলেছিল দেশ-বিদেশের গণমাধ্যমে।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘আমরা এখনো ফেলানী হত্যার বিচার পাইনি।

সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছেই। বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব হত্যার বিচার আমরা এখনো পাচ্ছি না। বাংলাদেশের শাসক শ্রেণি এবং ভারতের শাসক শ্রেণি একে অপরের স্বার্থের পরিপূরক। তাদের এই স্বার্থের সঙ্গে ভারতের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। তাই দুই দেশেরই সাধারণ মানুষকে সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র জোট

সমাবেশে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশিস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।