হামে আক্রান্ত চার মাসের শিশু আরিফাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে ঢাকায় আনা হয়েছে। তাকে এখন নেবুলাইজ করা হচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ২১ সেপ্টেম্বর
হামে আক্রান্ত চার মাসের শিশু আরিফাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে ঢাকায় আনা হয়েছে। তাকে এখন নেবুলাইজ করা হচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ২১ সেপ্টেম্বর

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট মৃত্যু ১,০৬৩

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯৬২ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০১ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৩। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৮৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৬৪৬ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

দেশে গত বছর, অর্থাৎ ২০২৫ সালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩২। আগের বছরগুলোর মধ্যে ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২, ২০২২ সালে ৩১১ জন হামে আক্রান্ত হয়েছিল। মৃত্যুর রেকর্ড নেই। আর এবার সেই প্রায় নিঃশেষ হতে যাওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাল এক হাজারের বেশি মানুষ।

দেশে বছরের শুরুতে হঠাৎই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগী দ্রুত বাড়তে শুরু করে। তবে স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম সংক্রমণের তথ্য দিচ্ছে।

এবার হামে মৃত্যু ও সংক্রমণ নজিরবিহীন। চলতি বছর বিশ্বে হামে সর্বোচ্চ সংক্রমণও হয়েছে বাংলাদেশে।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানে একসময় বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে ছিল আলোচিত। নিয়মিত টিকাদান, জাতীয় ক্যাম্পেইনের কারণে হামসহ এ ধরনের রোগের বড় ধরনের প্রাদুর্ভাব এড়ানো যাচ্ছিল। এখন সংকট দেখা দেওয়ার মূল কারণ হিসেবে সাম্প্রতিক বছরগুলোয় টিকাদানের ঘাটতিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।